তরমুজের বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই
ভোলা প্রতিনিধি : বিগত কয়েকটি বছরেই ভোলায় তরমুজের ফলন কম হয়েছিল। এছাড়া রোগ-বালাইয়ের কারণে ক্ষতি হয়েছে চাষিদের। এ বছর লোকসান পুষিয়ে নেওয়ার আশায় বুক বেঁধেছিলেন। তবে চলতি মৌসুমে গত ১০ বছরের চেয়েও বাম্পার ফলন হলে্ও যেন তাদের ভাগ্যের চাকা ঘুরছে না।
করোনাভাইরাসের কারণে বাজারে ক্রেতার অভাবে তরমুজ বিক্রি হচ্ছে না। যেটুকু বিক্রি হচ্ছে তাতে মূলধনও উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।
ভোলা সদর, বোরহানউদ্দিন ও চরফ্যাশনের অধিকাংশ ক্ষেতেই পেকে নষ্ট হচ্ছে তরমুজ। সীমিত পরিসরে ছোট নৌকা ও ট্রাকে করে তরমুজ পরিবহনের ব্যবস্থা করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।
এছাড়া কয়েক গুণ বেশি ভাড়া গোনার পাশাপাশি বিভিন্ন স্থানে বাধার মুখে পড়তে হচ্ছে বলে জানান চাষিরা। ফলে লাভ তো দূরের থাক, উৎপাদন খরচও উঠবে না বলে জানান প্রান্তিক চাষিরা। মূলধন হারিয়ে পথে বসতে হবে বলে আক্ষেপ করেন অনেকে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় এ বছর তরমুজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০ হাজার ৫০০ হেক্টর। তার মধ্যে আবাদ হয়েছে ৭ হাজার ৭২২ হেক্টর জমিতে।
এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে চরফ্যাশন উপজেলায়। ওই উপজেলায় ৬৮৯০ হেক্টর জমিনে তরমুজের আবাদ হয়েছে।
এছাড়া সদর উপজেলায় ৬২০ হেক্টর, দৌলতখান উপজেলায় ৩০ হেক্টর, বোরহানউদ্দিন উপজেলায় ১৩০ হেক্টর, তজুমদ্দিন উপজেলায় ১২ হেক্টর, লালমোহন উপজেলায় ৩৯ হেক্টর ও মনপুরা উপজেলায় ১ হেক্টর। জেলায় এ বছর তরমুজ উৎপাদন হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৬৫৬ মেট্রিক টন। তবে লক্ষ্য মাত্রার চেয়ে আবাদ কম হলেও ফলনে সন্তুষ্ট কৃষি বিভাগও। ইতিমধ্যেই ক্ষেতের ৮০ ভাগ তরমুজ কাটা হয়েছে বলে জানায় কৃষি অফিস।
চরফ্যাশন উপজেলার উত্তর আইচা গ্রামের তরমুজ চাষি মোশারেফ হোসেন জানান, চলতি মৌসুমে প্রায় ৫ একর জমিতে তরমুজের আবাদ করেছেন। ফলনও বেশ ভালোই হয়েছে।
প্রতি বছর ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় তরমুজ পাইকারদের কাছে তরমুজ পাঠাতেন তিনি।
তবে এবার লোকাল মার্কেটেই বিক্রি করছেন। লাভের আশা না করে মূলধন ফেরত পেতে চান তিনি।
সদর উপজেলার ভেলুমিয়া চন্দ্র প্রসাদ এলাকার ওবায়েদ বলেন, ১০ একর জমিতে তরমুজ চাষ করেছি। ১৪ লাখ টাকা খরচের মাত্র ৪ লাখ টাকা উঠে এসেছে। ক্ষেতে যে তরমুজ আছে তাতে সর্বোচ্চ ২ লাখ টাকা আসতে পারে।
বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুরের বিচ্ছিন্ন দ্বীপ চরলতিফে কয়েক শত একর জমিতে জাম্বু জাগুয়ার, বিট ফ্যামিলি ও ড্রাগন জাতের তরমুজের চাষ করা হয়েছে।
ওই এলাকার কৃষক কামাল জানান, আগে ঢাকাসহ বিভিন্ন এলাকার পাইকাররা এলাকায় এসে তরমুজ কিনে নিয়ে যেতেন। পরিবহনও করতেন তারা। আমাদের কিছুই করতে হতো না। এখন তারা তো আসছেই না, পাইকারদের আড়তে ৩-৪ দিন বসে থেকেও বিক্রি করতে পারছি না।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হরলাল মধু জানান, তরমুজের ফলন ভালো হয়েছে। করোনার প্রভাবে কৃষকরা বিপাকে পড়লেও স্থানীয় প্রশাসনে সহযোগিতায় আমরা করোনা সহায়তা হিসেবে চাল-ডালের পাশাপশি তরমুজ কিনেও ত্রাণ হিসেবে বিতরণ করেছি।
এছাড়া পরিবহনের ব্যাবস্থা করে ভোলার তরমুজ বরিশাল, ঢাকা, নোয়াখালী ও চট্টগ্রাম পাঠনো হচ্ছে। ইতোমধ্যে জেলার ৮০ ভাগ তরমুজ কাটা হয়েছে বলে তিনি জানান।











