ভারতকে হটিয়ে টেস্টে শীর্ষস্থানে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক : করোনার কারণে বাতিল হয়ে গেছে সবধরনের ক্রিকেট। সংক্রমণকে নির্মূল করতে লকডাউনে বাড়িতেই সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। এমন অবস্থায় লকডাউনের মাঝেই আজ টেস্ট ক্রিকেটের নতুন তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে টেস্ট ক্রিকেটের শীর্ষস্থান থেকে সরে গেছে বিরাট কোহলি-রোহিত শর্মারা। ভারতের জায়গা এখন দখল করেছে অস্ট্রেলিয়া।
২০১৯ সালের মে থেকে একশো শতাংশ এবং আগের দুই বছরের ৫০ শতাংশ ম্যাচ খেলার ভিত্তিতে তৈরি হয়েছে নতুন ব়্যাঙ্কিং। আর তাতেই ১১৬ পয়েন্ট এক নম্বরে উঠে এসেছে ক্যাঙারুর দেশ। টেস্টে ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ড। আর শীর্ষস্থান খুইয়ে ১১৪ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে নেমে এসেছে ভারত। ২০১৬ সালের অক্টোবরে শীর্ষস্থানে পৌঁছেছিল ভারত। তারপর ব়্যাঙ্কিংয়ে বদল ঘটেনি। প্রায় চার বছর পর সেরার মুকুট হাতছাড়া।
র্যাঙ্কিংয়ের চার ও পাঁচে আছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। সাউথ আফ্রিকা নেমে গেছে ছয়ে। সাত-আটে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ, নয় নম্বরে বাংলাদেশ ও দশ নম্বরে জিম্বাবুয়ে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে কোনও পরিবর্তন নেই। এক নম্বরে থাকা ইংল্যান্ডের ৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১২৭। ১১৯ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। গত বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ড তিন নম্বরে রয়েছে ১১৬ পয়েন্ট নিয়ে। চারে আছে সাউথ আফ্রিকা। টেস্টে শীর্ষে থাকলেও ওয়ানডে-তে অস্ট্রেলিয়া আছে পাঁচে। ছয়ে রয়েছে পাকিস্তান। সাত ও আট নম্বরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ।
টেস্টের মতো টি-২০ র্যাঙ্কিংয়েও শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট বেড়েছে ৯। ২৭৮ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়ার চেয়ে ১০ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ২৬৮ ও ২৬৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড ও ভারত। চতুর্থ স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ২৬০।











