আশুগঞ্জে লটারির মাধ্যমে কৃষকদের ধান কেনা নির্ধারণ
আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলতি বুরো মৌসুমে সরকারিভাবে ৫৬৩ মেট্রিক টন ধান কেনার জন্য লটারির মাধ্যমে কৃষক নির্ধারণ করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার হলরুমে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উদ্যোগে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওএনও) মো. নাজিমুল হায়দার এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আশুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈনুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন, জেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভুইয়া স্বপন, আশুগঞ্জ চালকল মালিক সমিতির সভাপতি জুবায়ের হায়দার ভুলু, সাধারণ সম্পাদক হেলাল শিকদার, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আল মামুন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস থেকে দেয়া তালিকা থেকে ৮ টি ইউনিয়নের মোট ৭৮৩ জন কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫৬৩ জন কৃষককে ধান দেয়ার জন্য নির্ধারণ করা হয়। তাদের প্রত্যেকেই এক টন করে বুরো ধান খাদ্য গুদামে দিতে পারবেন। প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ২৬ টাকা। ২৬ এপ্রিল থেকে ধান সংগ্রহ শুরু হবে। ধান সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার জানান, উপজেলার ৮টি ইউনিয়নের ৭৮৩ জন কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫৬৩ জনকে নির্ধারণ করা হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।











