বিশেষ পার্সেল ট্রেন কাল থেকে চালু হচ্ছে
নিউজ ডেস্ক : কৃষিপণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল শুক্রবার (১ মে) থেকে বিশেষ পার্সেল ট্রেনটি চালু হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো: শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সারাদেশে গণপরিবহন বন্ধ রয়েছে। তাই কৃষকের উৎপাদিত পণ্যসামগ্রী, শাক-সবজি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে শুক্রবার (১ মে) থেকে তিন জোড়া বিশেষ পার্সেল ট্রেন পরিচালনা করবে।
‘সেই লক্ষে শুক্রবার থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং যশোর-ঢাকা-যশোর রুটে তিন জোড়া বিশেষ পার্সেল এক্সপ্রেস ট্রেন চলবে।’
এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-জামালপুর-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন এই ট্রেন চলাচল করবে। যশোর-ঢাকা-যশোর রুটে সপ্তাহে দুই দিন চলাচল করবে।











