অল্প বয়সেই মৃত্যু বাংলাদেশের লম্বা মানুষটির
চট্টগ্রাম প্রতিনিধি : বিশ্বের সবচেয়ে লম্বা মানুষদের তালিকায় দ্বিতীয় স্থানে নামটি ছিল কক্সবাজারের বাসিন্দা জিন্নাত আলী। বাংলাদেশে তিনি ছিলেন সবচেয় দীর্ঘকায় মানুষ। ৮ ফুট ৬ ইঞ্চি উচ্চতার মানুষটি গতকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।
চমেক হাসপাতাল সূত্র জানা যায়, মস্তিষ্কে টিউমার আক্রান্ত জিন্নাত গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত সোমবার সকালে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। প্রথমে নিউরোলজি বিভাগ এবং পরবর্তীতে নিউরোসার্জারি ওয়ার্ডে তাকে পাঠানো হয়।
জটিলতর অজ্ঞান অবস্থায় থাকা জিন্নাতকে নিউরোসার্জারি বিভাগের প্রধান নোমান খালেদ চৌধুরীর নির্দেশে আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। সোমবার রাত সাড়ে তিনটার পর তার মৃত্যুর ব্যাপারে অনেকটাই নিশ্চিত হয়ে যান কর্তব্যরত চিকিৎসকরা। ভোরে সব সাপোর্ট খুলে তাকে মৃত ঘোষণা করা হয়।

চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী বলেন, ১২ বছর বয়স থেকেই উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে তার। সে সময় জিন্নাত আলীর উচ্চতা ছিল ৮ ফুট ২ ইঞ্চি। এ ছাড়া জিন্নাত আলী ছোটবেলা থেকেই হরমোনের জটিলতায় ভুগছিলেন। এই জটিলতা থেকে তার মস্তিষ্কে টিউমার হয় এবং সোমবার পরীক্ষায় সেটা অনেক বড় দেখা গেছে। তার ব্রেইন টিউমার অনেকটা অ্যাডভান্সড স্টেজে চলে যায়। সাথে ডায়াবেটিস ও শ্বাসকষ্ট থাকায় শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। সব কিছু মিলিয়ে রোগীর অবস্থা ছিল জটিল। তিনি বলেন, দুর্ভাগ্যজনক হচ্ছে, এই মানুষটা কেন অস্বাভাবাবিক লম্বা হয়েছেন, সেটা খতিয়ে দেখা হয়নি কখনো। হরমোনের জটিলতার সঠিক চিকিৎসা যদি শুরুতেই পেতেন তা হলে হয়তো তাকে অকালে মরতে হতো না।
উল্লেখ্য, কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের কৃষক আমীর হামজার ছেলে জিন্নাত আলী। জন্ম ১৯৯৬ সালে। আমীর হামজার তিন ছেলে ও এক মেয়ের মধ্যে জিন্নাত তৃতীয়।
২০১৮ সালের ২৪ অক্টোবর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে জিন্নাত আলীকে নিয়ে কথা বলেন কক্সবাজারের রামু-সদর আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। অস্বাভাবিক লম্বা হওয়ায় শারীরিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে জিন্নাত প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছিলেন। এ ছাড়া কেউ কাজ না দেওয়ায় অভাবে আয়-উপার্জন না থাকার কথাও জানিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নেন। সে সময় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয় তাকে। পরে সুস্থ হয়ে জিন্নাত বাড়ি ফিরে যান। এ ছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহযোগিতায় জিন্নাতকে তার এলাকায় একটি দোকানও করে দেওয়া হয়।











