রোনালদো নয়, বেকহ্যামের চোখে মেসিই সেরা
স্পোর্টস ডেস্ক : ডেভিড বেকহ্যাম মনে করেন লিওনেল মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে আর্জেন্টিনার বার্সেলোনা সুপারস্টারকেই এগিয়ে রাখছেন তিনি। এই দুজনের তুলনা করতে গিয়ে বেকহ্যাম আর্জেন্টিনার নিউজ এজেন্সি টেলামকে বলেছেন, ‘মেসির মতো আরেকজন থাকা অসম্ভব।’ সাবেক এই ইংলিশ ফুটবলার মনে করেন, খেলোয়াড় হিসেবে মেসি তার জায়গায় একাই। তিনি বলেন, ‘রোনালদোর মতো যারা আছে তারা এখনো মেসির পর্যায়ে পৌঁছতে পারেনি। আমি মনে করি, সে ( মেসি) তাদেও চেয়ে এগিয়ে আছে।’
এর আগে রোনালদোর চেয়ে মেসিকে এগিয়ে রেখেছিলেন কাকা। ফিফার সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে ব্রাজিলিয়ান এই সুপারস্টারের কাছে জিজ্ঞেস করা হয়েছিলÑ মেসি না রোনালদো, আপনার চোখে কে সেরা? কাকা বলেন, ‘আমি রোনালদোর সঙ্গে খেলেছি। সত্যি বলতে কি, সে আসলেই দুর্দান্ত। তবে আমি মেসিকেই বেছে নেব।’ আর্জেন্টিনার বার্সেলোনা সুপারস্টারকে বেছে নেওয়ার কারণ ব্যাখা করে কাকা বলেন, ‘সে জিনিয়াস। সত্যিকারের প্রতিভা। মেসি যেভাবে খেলে তা সত্যিই অবিশ্বাস্য। সে সব সময় জিততে চায়, সেরা হতে চায়। আমার মতে, তার ব্যাপারে এটাই সবচেয়ে ভালো দিক।’
সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই দুজনের মধ্যে কে সেরা তা নিয়ে ভিন্নমত রয়েছে। কারও মতে, মেসি সেরা। আবার কেউবা বলেন, রোনালদো। দীর্ঘদিন ধরে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলছেন মেসি। তার রেকর্ডের ঝুলি সমৃদ্ধ। রোনালদোও কম জান না। তিনিও দীর্ঘসময় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলেছেন। এখন তার নতুন ঠিকানা হয়েছে ইতালির ক্লাব জুভেন্টাস। সিআরসেভেনের রেকর্ডের ঝুলিও সমৃদ্ধ। ফুটবলপ্রেমীদের মধ্যে সবচেয়ে বেশি তর্কবিতর্ক হয় এই দুজনকে ঘিরেই।
ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার বেকহ্যাম মনে করেন, ওদের টেকনিক ও মেধা একই রকম হতে পারে। একই সময় তাদের খেলা দেখতে পারা ফুটবলের জন্য অসাধারণ। তবে তার চোখে মেসিই বিশ্বের সেরা ফুটবলার।
প্রসঙ্গত, এক দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজ করছেন মেসি ও রোনালদো। এই সময়ে রেকর্ড ছয়টি ব্যালন ডি’অর জিতেছেন মেসি। তার চেয়ে কেবল একটা কম ব্যালন ডি’অর নিজের ঝুলিতে পুরেছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।











