ইংলিশ ফুটবল জুনে ফিরছে!
স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপ কমে আসলে জুন নাগাদ মাঠে ফিরতে পারে ইংলিশ ফুটবল। বেশ কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলে এমনটাই জানিয়েছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন।
জানা গেছে, ৬ জুন প্রতিযোগিতায় ফিরতে কাজ করে যাচ্ছে ইংলিশ ফুটবল লিগ-ইএফএল’র ক্লাবগুলো। তবে ম্যাচগুলো হবে দর্শকশূন্য মাঠে।
করোনাভাইরাসের কারণে বেলারুশ প্রিমিয়ার লিগ ছাড়া ইউরোপের ফুটবল লিগগুলো এখন স্থগিত। জনসমাগম ঠেকাতে ইউরোপের দেশগুলো সব ধরনের খেলাধুলা বন্ধের কারণেই মৌসুমের মাঝামাঝি পথে এসে থমকে গেছে ফুটবল লিগগুলো।
অনির্দিষ্ট সময়ের জন্য লিগ স্থগিত করেছে ইতালি ও স্পেন অনির্দিষ্ট সময়ের জন্য। জার্মান কর্তৃপক্ষ অবশ্য, বুন্ডেসলিগা ও বুন্ডেসলিগা-২ এর দলকে অনুশীলন করার অনুমতি দিয়েছে। মে মাসের শুরু থেকে মাঠে খেলা গড়ানোরও পরিকল্পনা আছে তাদের।
গত শুক্রবার ভিডিও কনফারেন্সে আলোচনায় বসে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবের কর্তৃপক্ষ। তাতে লিগ শুরুর সম্ভাব্য দিন-তারিখ নিয়ে আলোচনা হয়।
বেশ কয়েকটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, প্রিমিয়ার লিগ, লিগ ওয়ান ও লিগ টু ৬ জুন থেকে শুরু করতে চাচ্ছে এএফএ। এর আগে ১৬ মে থেকে প্রস্তুতি হিসেবে ‘মিনি প্রাক-মৌসুম’ আয়োজন করতে চায় তারা। তবে পুরো ব্যাপারটি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে সূত্রগুলো।











