অনুশীলন করে সমালোচিত রোনালদো
স্পোর্টস ডেস্ক : ক্রিস্তিয়ানো রোনালদো তিন দিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন। যাতে দেখা যাচ্ছে বাড়ির ছাদ বা আঙিনায় বান্ধবীকে সঙ্গী করে শরীর চর্চা করছেন। করোনাভাইরাসের এই লকডাউনের সময়ে নিয়মকানুন মেনে সেটি করতেই পারেন। তা নিয়ে আপত্তিও ছিল না কারো। কিন্তু রোনালদো যে লকডাউন ভেঙে মাঠেও নেমেছিলেন অনুশীলন করতে!
জুভেন্টাসে দানিয়েলে রুগানি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরই ইতালি ছেড়ে নিজ দেশ পর্তুগালের মাদেইরাতে চলে যান রোনালদো। সম্প্রতি সেখানেই এক ট্রেনিং গ্রাউন্ডে বল পায়ে প্র্যাকটিস করেছেন সিআর সেভেন। যার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলছে সমালোচনা।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বৃহস্পতিবার সকালে অত্যন্ত গোপনে মাদেইরা স্টেডিয়ামে রোনালদো প্র্যাকটিস করতে যান। এটি রোনালদোর ক্যারিয়ারের ছোটবেলার স্টেডিয়াম। এখান থেকেই তিনি পেশাদার ফুটবলারের জগতে পা রাখেন তিনি।
মাঠে গিয়ে পোস্টের সামনে গোলকিপারকে দাঁড় করিয়ে গোলে শট নিয়েছেন রোনালদো। তার সঙ্গে মাঠ কর্তৃপক্ষের জনা দশেককে কথাও বলতে দেখা যায়। রোনালদো নাকি এভাবে অনুশীলনের জন্য অনুমতিই নেননি।
এদিকে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেন। মুখে মাস্ক পড়া দুটি ছবি পোস্ট করেন তিনি। মাস্ক দুটির একটি ছিল তার নিজ দেশ পর্তুগালের পতাকার আদলে। অন্যটি যে দেশের লিগে খেলেন তিনি, সেই ইতালির পতাকার আদলে।
রোনালদো ক্যাপশনে লিখেন, ‘পৃথিবীর এই কঠিন সময়ে আমাদের এক থাকা ও একে অন্যের পাশে দাঁড়ানো খুবই গুরুত্বপূর্ণ।’











