সঙ্কট মোকাবিলায় আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক : সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত মানুষ এখন যুক্তরাষ্ট্রে। দেড় লাখের বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা দিতে গিয়ে খেই হারিয়ে ফেলেছে দেশটির স্বাস্থ্য খাত। ভেন্টিলেটর, সুরক্ষা উপকরণসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সঙ্কটে পড়েছে দেশটি। এমন পরিস্থিতিতেও আশা হারাচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে করোনাভাইরাসের টাস্কফোর্সের মিটিংয়ে ট্রাম্প বলেছেন, সঙ্কট মোকাবিলার ব্যাপারে তিনি আশাবাদী। খুব শিগগির ভেন্টিলেটরসহ প্রয়োজনী চিকিৎসা সরঞ্জামের যোগান দেওয়া সম্ভব হবে।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের ১০টি কোম্পানি এসব সরঞ্জাম তৈরি করছে। হয়তো দেশের চাহিদা মিটিয়ে কিছুদিনের মধ্যে বিদেশে রপ্তানি করা হতে পারে সেগুলো।
যুক্তরাষ্ট্রের আক্রান্ত রোগীরা প্রয়োজন অনুযায়ী ভেন্টিলেটর পাচ্ছেন কিনা- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘খুব শিগগির এ সমস্যার সমাধান হয়ে যাবে।’
ট্রাম্প দাবি করেন, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ১০ লাখ মানুষকে করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। যে কোনো দেশের চেয়ে এ সংখ্যা বেশি বলে দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় এক লাখ ৬৫ হাজার মানুষ।











