বাতিল করা হলো নববর্ষের অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের বিস্তার রোধে এবারের বাংলা নববর্ষের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।
সরকার প্রধান বলেন, ‘কভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যোগাযোগ ঠিক রেখে আমাদের সাধারণ ছুটি বাড়াতে হতে পারে। আমাদের হয়তো কয়েকদিন ছুটি বাড়াতে হতে পারে।’
‘হয়তো ছুটি ৯ তারিখ (এপ্রিল) পর্যন্ত বাড়াতে হতে পারে। করোনাভাইরাসের কারণে সরকার মুজিববর্ষসহ সব কর্মসূচি স্থগিত করেছে। যাতে মানুষ সমাগম কম হয় তার জন্য এটা করা হয়েছে। এবার নববর্ষের অনুষ্ঠানও বন্ধ থাকবে’, যোগ করেন শেখ হাসিনা।
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকরা (ডিসি) ছাড়াও ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় যুক্ত রয়েছেন।











