হাসপাতাল-চিকিৎসকরা যেন পিছপা না হন, আর্জি মন্ত্রীর
করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে সাধারণ রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকরা চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়ার বিষয় নজরে এলে তাদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এরইমধ্যে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসার জন্য রাজধানীতে ১৬ ঘণ্টা ধরে ছয়টি বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে ঘুরেও চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মুক্তিযোদ্ধা আলমাছ উদ্দিন।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করে বলা হয়, এই বিপদের মুহূর্তে বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসকদের দায়িত্ব জ্ঞানহীন আচরণে সবাই ক্ষুব্ধ। চিকিৎসকদের হাত গুটিয়ে বসে থাকা কারও জন্যই কাম্য নয় বলে মনে করছেন সাধারণ মানুষ।
বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সোমবার (৩০ মার্চ) বলেন, প্রাইভেট হাসপাতাল এবং চিকিৎসকরা যেন তাদের নিয়মিত কাজ বহাল রাখেন। তারা যেন তাদের দায়িত্ব থেকে পিছপা না হন।











