সৌদি আরবে ২১ দিনের কারফিউ
অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে সোমবার থেকে সৌদি আরবে ২১ দিনের জন্য কারফিউ ঘোষণা করেছেন বাদশা সালমান বিন আবদুল আজিজ।
আরব নিউজ জানায়, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাসাবাড়ির বাইরে বের হওয়া যাবে না।
রবিবার সৌদি আরবে নতুন করে ১১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫১১ জনে দাঁড়িয়েছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।
এরপরই এক বিবৃতিতে দেশব্যাপী কারফিউ আরোপের ঘোষণা দেওয়া হয়। এতে কারফিউর সময়ে নিজেদের নিরাপত্তার স্বার্থে বাসাবাড়ির বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সংরক্ষিত তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৯৯৭ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪১ জনে।
সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালির। প্রাণঘাতী এই ভাইরাসে রবিবার আরও ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে মারা যান ৭৯৩ জন।
আলজাজিরা জানায়, এনিয়ে ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ৪৭৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১৩৮ জন।
চীনে রবিবার নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯ জন। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৪৬ জন। সব মিলিয়ে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৪৩২ জনে।











