যে চার দেশ থেকে এলেই কোয়ারেনটাইনে
ডেস্ক রিপোর্ট : বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করছে। ইতোমধ্যে বাংলাদেশেও ইতালি থেকে আসা দুজনসহ মোট ৩ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ প্রেক্ষাপটে অন্যান্য দেশের মতো বাংলাদেশও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। যার অংশ হিসেবে বাংলাদেশ সরকার চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া এবং ইরান থেকে যেসব বাংলাদেশি নাগরিক দেশে আসবেন তাদের ১৪ দিনের সেল্ফ কোয়ারেনটাইন বাধ্যতামূলক করেছে।
এ ছাড়া এ চার দেশ হয়ে যেসব বিদেশি বাংলাদেশে আসবেন তাদেরও বাধ্যতামূলক ১৪ দিনের সেল্ফ কোয়ারেনটাইনে থাকতে হবে। গতকাল বুধবার ঢাকাস্থ সব বিদেশি মিশন ও আন্তর্জাতিক সংস্থায় এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, চলমান বৈশ্বিক সংকট করোনা ভাইরাস বিভিন্ন দেশে ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় বাংলাদেশে থাকা বিদেশি কিংবা জরুরি প্রয়োজন বা কেবলই ভ্রমণের উদ্দেশ্যে ঢাকায় আসা চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া এবং ইরানের নাগরিকদের ১৪ দিনের সেল্ফ কোয়ারেনটাইনে থাকতে হবে। এ ছাড়া উল্লিখিত চার দেশ সফর করেছেন কিংবা ভ্রমণকালে চীন, ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ার কোনো না কোনো বিমানবন্দর ব্যবহার করেছেন, ট্রানজিট হিসেবে এসব দেশে সময় কাটিয়েছেন তাদেরও বাংলাদেশে পৌঁছার দিন থেকে থাকতে হবে সেল্ফ কোয়ারেনটাইনে।
এ সময়ের মধ্যে তারা নিজেরাই নিজেদের শারীরিক অবস্থা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবেন। এ ১৪ দিনের মধ্যে যদি কারও শরীরে জ্বর আসে এবং তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট বা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে এবং হাঁচি-কাশি অথবা গলা ব্যথা বা শ্বাসকষ্ট কিংবা ডায়রিয়া হয় তা হলে অবশ্যই তাকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) যোগাযোগ করতে হবে। বিদেশিরা জরুরি যোগাযোগের জন্য আইইডিসিআর হটলাইন ছাড়াও ৪টি নম্বর বিশেষভাবে ব্যবহার করতে পারবেন। নম্বরগুলো হলো- +৮৮০১৯২৭৭১১৭৮৪, +৮৮০১৯২৭৭১১৭৮৫, +৮৮০১৯৩৭১১০০১১ এবং +৮৮০১৯৩৭০০০০১১।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ চিঠি সম্পর্কে বিদেশে বাংলাদেশের সব মিশনগুলোকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণে বিদেশিদের নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদেরও এখন দেশে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। একান্ত প্রয়োজনে কারও বাংলাদেশ ভ্রমণ করতে হলে সতর্ক থাকতে বলা হয়েছে। দেওয়া হয়েছে জনাসমাগম স্থান এড়িয়ে চলার পরামর্শ।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, ‘বেশি আক্রান্ত ৪টি দেশের নাগরিকদের জন্য আমরা অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছি। এর পরও কেউ যদি বাংলাদেশে আসতে চান তাদের স্বাস্থ্যগত সনদ নিয়ে আসতে হবে। প্রবাসী বাংলাদেশিদের এখন দেশে আসতে নিরুৎসাহিত করছি। তার পরও কেউ জরুরি প্রয়োজনে আসতে চান তাদের ১৪ দিনের কোয়ারেনটাইনে থাকতে হবে।’আমাদের সময়











