এগিয়ে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এগিয়ে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন এবং সেটার অগ্রগতি ধরে রাখতে হবে। শনিবার রাজধানীর পল্টনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মুজিববর্ষ উদযাপন করতে যাচ্ছি ১৭ মার্চ থেকে। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেছিলেন। আমরা মুজিববর্ষ ঘোষণা করেছি। তার জন্মশতবার্ষিকী আমরা ২০২০ সালে উদযাপন করবো। ২০২১ সাল পর্যন্ত উদযাপন করা হবে এই মুজিববর্ষ। এরপর ২০২১ সালেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা উদযাপন করবো।’
বঙ্গবন্ধু যে একজন ফুটবলার ছিলেন, সেটা আবারও মনে করিয়ে দিয়েছেন তার সুযোগ্যা কন্যা, ‘আমরা ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীন জাতি হিসেবে সম্মান পেয়েছি। একটি রাষ্ট্র পেয়েছি। আমাদের পরিচয় পেয়েছি। ছোটবেলা থেকেই তিনি এ দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। এবং ছাত্রজীবনে তিনিও একজন ফুটবলার ছিলেন। আমার দাদাও ফুটবল খেলতেন। আমার ভাইয়েরা ফুটবল খেলতো। আমার নাতি-পুতিরাও ফুটবল খেলে।’
প্রধানমন্ত্রী বলেছেন দেশের জন্য গৌরব বয়ে আনতে শৈশব-কৈশোর থেকেই খেলাধুলার চর্চাটা জরুরি, ‘আমাদের শিশু-কিশোরেরা অত্যন্ত মেধাবী। সেই মেধা বিকাশে সুযোগ করে দিতে চাই সন্তানদের জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি থেকে আমাদের দূরে রেখে। শিশুদের ধীরে ধীরে তাদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। লেখাপড়া শেখার পাশাপাশি ক্রীড়া-সংস্কৃতি চর্চা একান্ত অপরিহার্য়। আর এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তাদের সুপ্ত মেধা বিকশিত হওয়ার সুযোগ পায়।’
খেলাধুলায় নানা সুযোগ সৃষ্টি করার কথা বলেছেন শেখ হাসিনা, ‘আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। খেলাধুলার জন্য আমি বিভিন্ন সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। এটার অর্থ হলো সেখানে ১২ মাস খেলাধুলা চলতে পারবে। সেই সুযোগটি আমরা করে দিচ্ছি।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন, বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিয়েরা জুনিয়র।
স্টেডিয়ামের গ্যালিরি থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষক, অভিভাবকরাও খেলা দুটো উপভোগ করেন।
২০১৯ সালের ৩১ আগস্ট টুর্নামেন্ট দুটির লোগো এবং ট্রফি উন্মোচন করা হয় এবং ১ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে বালক ও বালিকা আসরের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট দুটিতে উপজেলা পর্যায় থেকে বালকদের খেলা এবং জেলা পর্যায় থেকে বালিকাদের খেলা হয়। বালক বিভাগে উপজেলা পর্যায়ে চার হাজার ৮২৮টি, জেলা পর্যায়ে ৫৮১টি, বিভাগীয় পর্যায়ে ৬৮টি ও জাতীয় পর্যায়ে আটটি দলের ৯৮ হাজার ৭৩০ জন ফুটবলার অংশ নেন।
অন্যদিকে বালিকা বিভাগের খেলায় জেলা পর্যায়ে ৫৮১টি, বিভাগীয় পর্যায়ে ৬৮টি ও জাতীয় পর্যায়ে আটটি দলে ১১ হাজার ৮২৬ জন ফুটবলার অংশ নেন।











