অস্ত্র মামলা : জি কে শামীমসহ ৭ দেহরক্ষীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ
নিউজ ডেস্ক : ঢাকার গুলশান থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় যুবলীগ নেতা জি কে শামীমসহ তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রেখেছেন আদালত।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালতে সাক্ষ্য দেন র্যাব-১ এর ডিএডি মিজানুর রহমান। এই সাক্ষীকে আসামি পক্ষে জেরা করেন। জেরা শেষ না হওয়ায় আগামী ৩০ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেন।
জি কে শামীমের সাত দেহরক্ষী হলো- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।
গত ২৭ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক চার্জশিট জমা দেন। এরপর মহানগর দায়রা জজ আদালতে বদলী হয়ে আসে। আদালত মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলী করে। আদালত মামলাটি গ্রহণ করে।
গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিজ কার্যালয়ে সাত দেহরক্ষীসহ গ্রেপ্তার হন জি কে শামীম। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার আইনে তিনটি মামলা হয়। মামলার এজাহারে শামীমকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক ও জুয়া ব্যবসায়ী বলে উল্লেখ করা হয়।











