বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক : সিরিজের একমাত্র টেস্ট শেষ। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি’র পালা। বাংলাদেশের বিপক্ষে এই দুই ফরম্যাটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। যে স্কোয়াডে রয়েছেন সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরে।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে দারুণ খেলেছেন ওয়েসলি মাধেভেরে। দুটি ফিফটি সহ শিকার করেন ৮ উইকেট। যার পুরস্কার হিসেবে ডাক পেলেন জাতীয় দলে।
বুধবার ঘোষিত স্কোয়াডে রয়েছেন টেস্ট সিরিজে না থাকা শন উইলিয়ামস। সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। তার বদলে ক্রেইগ আরভিন টেস্টে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেন।
উইলিয়ামসের সঙ্গে দলে ফিরেছেন টিনাশে কামুনহুকামউই ও রিচমন্ড মুতুমবামি।
টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, রেজিস চাকাভা, ভিক্টর নিয়াউচি ও ব্রায়ান মাদজিঙ্গানিয়ামার। দলকে নেতৃত্ব দেবেন চামু চিবাবা। কিছুদিন আগেই সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব পেয়েছেন তিনি।
ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৯ ও ১১ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
জিম্বাবুয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল:
চামু চিবাবা (অধিনায়ক), সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, টিনাশে কামুনহুকামউই, ওয়েসলি মাধেভেরে, টিমাইসেন মারুমা, ক্রিস এমপোফু, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মাটুমবডজি, রিচমন্ড মুতুমবামি, আইন্সলে এনডিলোভু, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড তিরিপানো, চার্লটন টিশুমা ও শন উইলিয়ামস।











