শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যু : প্রধানমন্ত্রীর প্রশংসা করে অ্যাঞ্জেলিনা জোলির চিঠি

news-image

ডেস্ক রিপোর্ট : রোহিঙ্গা সংকটে বাংলাদেশের উদারতা ও নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। চিঠিতে তিনি রোহিঙ্গাদের আশ্রয় এবং তাদের সুরক্ষা নিশ্চিত করায় বাংলাদেশের প্রশংসা করেছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, ‘ইউএনএইচসিআর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে মিয়ানমারের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাবে।’

অ্যাঞ্জেলিনা জোলি আশাবাদ ব্যক্ত করেন, ‘রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় ২০২০ সালের যৌথ পরিকল্পনা (জেআরপি) আরও ভালোভাবে অর্থায়ন পেতে সহায়তা করবে।’

জোলি জানান, তিনি রোহিঙ্গাদের জন্য মানবিক কাজ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি সবধরনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অ্যাঞ্জেলিনা জোলি ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে গত বছর ফেব্রুয়ারিতে কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।