আটেই শরীরে আশির ভার, প্রোজেরিয়ায় শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক : চুলে পাক ধরেছিল। ‘বার্ধক্যে’ এক-এক করে বিকল হয়ে গিয়েছিল শরীরের বিভিন্ন অঙ্গ। শেষে ‘বয়সের ভারে’ মাত্র আট বছর বয়সে মৃত্যু হয়েছে অ্যানা সাকিডন নামে ইউক্রেনের এক শিশু কন্যার।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর প্রতিবেদনে জানানো হয়েছে, জিনের রোগ ‘প্রোজেরিয়া’য় আক্রান্ত ছিল মেয়েটি। এই অসুখে এত অল্প বয়সে মৃত্যুর ঘটনা এটাই প্রথম।
চিকিৎসা বিজ্ঞানের হিসাব বলছে, অ্যানা সাকিডন বিশ্বের কনিষ্ঠতম মানুষ, যে প্রোজেরিয়ায় মারা গেল।
বলিউডের তারকা অমিতাভ বচ্চন অভিনীত ‘পা’ ছবিতে এই প্রোজেরিয়াতেই আক্রান্ত ছিল মূল চরিত্র অরো। মাত্র ১৩ বছর বয়সে মারা যায় সে।
অ্যানা গত মাসে আট বছরে পা দিয়েছিল। চিকিৎসকরা জানান, এই বয়সেই অ্যানার শরীরে এসে গিয়েছিল আশি বছরের ছাপ। একাধিক শরীরিক সমস্যা দেখা দিয়েছিল। ওজন ছিল মাত্র সাড়ে সাত কেজি।
অ্যানার মা ইভানা মেয়েকে সুস্থ করার জন্য বহু চেষ্টা করেছিলেন। ইউক্রেনের একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান টিমোফি নাগরোনি বলেন, ‘ইভানা প্রতি দিন শুধু এই আশাতেই বাঁচতেন, চিকিৎসকেরা এসে জানাবেন, তারা রোগ ধরতে ভুল করেছেন। অ্যানার প্রোজেরিয়া হয়নি।’
শিশুটির এক চিকিৎসক বলেন, ‘হাচিনসন-গিলফোর্ড প্রোজেরিয়া সিন্ড্রোম হয়েছিল মেয়েটির। এতে হাড় স্বাভাবিক ভাবে বাড়ে। ফলে শরীরের বৃদ্ধি স্বাভাবিক থাকে। কিন্তু অঙ্গপ্রত্যঙ্গ দ্রুত গতিতে বুড়িয়ে যায়। এক বছর বয়সই দশ বছরের মতো। এ ধরনের রোগীদের মৃত্যু হয় সাধারণত স্ট্রোকে। অ্যানার ক্ষেত্রেও তা-ই হয়েছিল। একাধিক স্ট্রোক। হাত-পায়ে পক্ষাঘাত হয়ে গিয়েছিল।’
তিনি আরও জানান, ১১ মাস বয়সেই বড়দের মতো হাঁটতে পারত অ্যানা (কারণ অঙ্গপ্রত্যঙ্গের বৃদ্ধিতে তখন সে দশ)। কিন্তু আলোয় ভয় পেত। তাই বাড়ির বাইরে যেতে পারত না।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২ কোটি মানুষের মধ্যে একজনের এই রোগ হয়। এই মুহূর্তে গোটা বিশ্বে ১৬০ জন প্রোজেরিয়ায় আক্রান্ত আছেন।











