নাসিরনগরে পরীক্ষার কেন্দ্রের আসন বিন্যাসে অনিয়ম, দুজনকে অব্যাহতি
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার কেন্দ্রের আসন বিন্যাস নিয়ে অনিয়মের জেরে ওই কেন্দ্রের সচিব ও হল সুপারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা আশরাফী স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার কেন্দ্রে আসন বিন্যাস নিয়ে অনিয়মের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসকে জানানো হয় এবং অনিয়মের বিষয়টি তদন্ত সাপেক্ষে সত্য প্রমাণিত হয়। আসন বিন্যাসকে কেন্দ্র করে হল সুপার ও শিক্ষার্থীদের ওপর গত ৮ ফেব্রুয়ারি হামলা করা হয়। ওই পরীক্ষা কেন্দ্রে অবশিষ্ট পরীক্ষাগুলো পরিচালনা করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই ১৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী পরীক্ষাগুলো দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার পরিবর্তে নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হলো। এছাড়াও কেন্দ্র সচিব মো. ইলিয়াছ মিয়া ও হল সুপার মো. জহিরুল ইসলামকে অব্যাহতি দিয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুনকে কেন্দ্র সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে হল সুপার হিসেবে নিয়োগ করা হলো।
মাদ্রাসা শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী, দাখিল পরীক্ষার আসন বিন্যাসকে কেন্দ্র করে ৮ ফেব্রুয়ারি রাতে উপজেলার দাঁতমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাসাদ্রসা কেন্দ্রের পাশের একটি বাড়িতে হল সুপার ও শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ওঠে পরীক্ষার্থী ও তাদের স্বজনদের বিরুদ্ধে। পরে আহত শিক্ষক ও শিক্ষার্থীদের পুলিশের সহযোগিতায় উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে ওই গ্রাম থেকে নাসিরনগর উপজেলা সদরে তাদের থাকার ব্যবস্থা করা হয়।
ঘটনাটি নিয়ে ১০ ফেব্রুয়ারি দৈনিক সমকাল পত্রিকার অনলাইনে ‘নাসিরনগরে সালিশ করে হামলাকারীকে রক্ষার চেষ্টা’ এবং ১১ ফেব্রুয়ারি দৈনিক সমকাল পত্রিকায় ‘নাসিরনগরে হল সুপার ও পরীক্ষার্থীদের উপর হামলা ঘটনা ধামাচাপা দিতে সালিশের চেষ্টা’ এই শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এ প্রতিবেদন ছাপার পরই প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।











