এবার কোহলিদের ধবলধোলাই করল কিউইরা
স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে তাদেরই মাঠে ধবলধোলাই করে রেকর্ড গড়েছিল ভারত। তৃতীয়বারের মতো অ্যাওয়ে সিরিজে সব ম্যাচ জয়ের রেকর্ড গড়ে তারা। এবার তার শোধ নিল স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারাল ব্লাক ক্যাপসরা। সিরিজ জিতল ৩-০ ব্যবধানে।
টি-২০ সিরিজে ভারতের ওপেনাররা দাপট দেখিয়েছিলেন। কেএল রাহুল প্রতি ম্যাচেই ভালো খেলেছেন। তার সঙ্গে রান পেয়েছেন রোহিত শর্মাও। মিডল অর্ডারে দুর্দান্ত খেলেছেন শ্রেয়াস আয়ার। তারপরই ফল ম্যাচ শেষে পায় ভারত। কিন্তু এবার ওয়ানডে সিরিজে ভারতের ব্যাটিংয়ের চিত্র ভিন্ন। নতুন ওপেনার পৃথ্বী শ এবং মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে রান নেই।
মিডল অর্ডারে তাই শ্রেয়াস আয়ার এবং কেএল রাহুলের দুর্দান্ত ব্যাটিং বৃথা গেছে। হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে প্রতি ম্যাচেই। মাউন্ট মাঙ্গানুইয়ে সিরিজের শেষ ম্যাচে মঙ্গলবার টস হেরে ব্যাট করে ভারত। সাত উইকেট হারিয়ে তোলে ২৯৬ রান। এ ম্যাচেও দলের টপ অর্ডার ব্যাটসম্যান ব্যর্থ হন। পৃথ্বী ভালো শুরু করে ৪২ বলে তিন চার ও দুই চয়ে ৪০ রান করে ফিরে যান। মায়াঙ্ক ফিরে যান মাত্র ১ রানে। তিনে নেমে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি করেন ৯ রান।
এরপর কিউইদের বিপক্ষে ভালো টি-২০ সিরিজ কাটানোর পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি পাওয়া শ্রেয়াস আয়ার এ ম্যাচে খেলেন ৬২ রানের ইনিংস। উইকেটরক্ষকের দায়িত্ব পেয়ে টপ থেকে মিডল অর্ডারে নেমে যাওয়া কেএল রাহুল এ ম্যাচে খেলেন ১১২ রানের দারুণ ইনিংস। এছাড়া মানিশ পান্ডে ৪২ রান করেন।
জবাবে মার্টিন গাপটিল এবং হেনরি নিকোলাস দারুণ ব্যাটিং করেন। গাপটিল করেন ৬৬ রান। নিকোলাসের ব্যাট থেকে আসে ৮০ রানের ইনিংস। দুই ওপেনার মিলে করেন ১০৬ রান। পরের ধাপটা টম ল্যাথাম-কলিন ডি গ্রান্ডহোম সহজে পাড়ি দেন। গ্রান্ডহোম খেলেন ২৮ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস। তিনটি ছক্কা ও ছয়টি চার মারেন তিনি। টম ল্যাথাম হার না মানা ৩২ রান করেন। ১৭ বল থাকতে ম্যাচ জিতে মাঠ ছাড়ে কিউইরা।











