চীনারা কাজে ফিরছেন
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের আক্রমণে গোটা চীন বিশ্ব থেকে আলাদা হয়ে পড়েছে। চীনজুড়ে বিরাজ করছে আতঙ্ক। এর মধ্যে নতুন চন্দ্র বছরের ছুটি বাড়িয়েছিল দেশটির কর্তৃপক্ষ। সেই ছুটি শেষ হওয়ার পর চীনারা ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। গতকাল এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮-এ। শুধু রবিবারই ৯৭ জন মৃত্যুবরণ করেছেন, যা একদিনে সর্বোচ্চ রেকর্ড। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ডের নতুন করে ৩ হাজার ৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত রবিবার নতুন করে আক্রান্তদের শনাক্ত করা হয়। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১৭১-এ।
সাংহাই ফুদান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-ডিন উ ফ্যান বলেন, তারা আশা করছেন শীঘ্রই টার্নিং পয়েন্টে পৌঁছবেন, তার মতে পরিস্থিতি স্থিতিশীল। প্রসঙ্গত সাংহাইয়ে প্রায় তিনশ জন আক্রান্ত হয়েছেন আর একজন মারা গেছেন।
অন্যদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাবহানোম ঘেরিবাইসাস বলেন, এখনো উদ্বেগ রয়েছে কেননা চীন ভ্রমণ করেনি এমন লোকের মাধ্যমেও করোনা ভাইরাস ছড়াচ্ছে। জেনেভায় তিনি বলেন, যদিও খুব অল্প সংখ্যক লোক চীন ভ্রমণ না করেও স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন- এটিকে আমরা সাগরের মধ্যে একখণ্ড বড় হিসেবে দেখছি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল বেইজিং যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে গতকাল সোমবার অনেক কর্মস্থল বন্ধই ছিল। অনেক কর্মী বাড়ি বসেই অফিসের কাজ সেরেছেন। সাধারণ সময়ে বেইজিংয়ের ব্যস্ততম সাবওয়ে লোকে লোকারণ্য থাকে; কিন্তু গতকাল অধিকাংশ আসন ফাঁকা ছিল। তবে সকালের দিকে কিছু যাত্রী দেখা গেছে যাদের সবাই মাস্ক পরা ছিলেন। চীনের ফরেন এক্সচেঞ্জ প্রশাসনের কর্মী জিন ইয়াং কর্মস্থলে যেতে গণপরিবহনের বদলে মোটরসাইকেল ব্যবহার করছেন। তাদের অফিসের সব কর্মীকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে, মুখোমুখি বৈঠক এড়াতে বলা হয়েছে, আর অফিসের ক্যান্টিনটি বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।
চেন নামের আরেক ইন্স্যুরেন্স কর্মী জানান, তাদের অফিসের কর্মীদের গণপরিবহন ব্যবহার না করতে বলা হয়েছে। প্রসঙ্গত, ভাইরাসটি ইতোমধ্যে চীনের বাইরে অন্তত ২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। রয়টার্সের নিজস্ব হিসাব অনুযায়ী এসব জায়গায় ৩৩০ জনের বেশি আক্রান্ত হয়েছেন।











