বিদ্যালয় প্রতিষ্ঠার ৪৯ বছরেও মেলেনি বিদ্যুৎ: গ্রামবাসির ক্ষোভ
রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিদিতর গ্রামে ৪৯ বছর পূর্বে প্রতিষ্ঠিত বিদিতর আহম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেলেনি বিদুৎ সংযোগ। মিটার সংযোগের জন্য আবেদন দিয়ে মাসের পর মাস বিদ্যুৎ অফিসে ঘুরেও মিটার সংযোগ হচ্ছে না। তার সংকট দেখিয়ে উপজেলা বিদ্যুৎ অফিস মিটার সংযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এনিয়ে স্থানীয় গ্রামবাসিসহ অভিভাবকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানাগেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কতৃক সদ্য নির্মিত হয়েছে বিদ্যালয়ের ভবন। ভবনের শ্রেণি কক্ষসহ অফিস কক্ষে বিদ্যুতের জন্য ওয়ারিং করা রয়েছে। কিন্তু নেই বৈদ্যুতিক পাখা ও বাল্ব।
অভিভাবক বাহাদুর মিয়া, হাসিমুল হক, আরজিনা বেগম ও নাজমা খাতুনসহ গ্রামবাসিরা জানান, প্রায় ২০ বছর আগে এই গ্রামে বিদ্যুৎ এসেছে। বিদ্যালয় সংলগ্ন পোল থাকা সত্বেও পূর্বের প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সদিচ্ছার অভাবে বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ হয়নি। বর্তমান প্রধান শিক্ষক যোগদানের পর থেকে তিনি বিদ্যুৎ সংযোগের উদ্যোগ নেন। বিদ্যুৎ সংযোগ না থাকায় দীর্ঘদিন থেকেই অতি কষ্টে পাঠদান নিতে হয় শিক্ষার্থীদের।
বিশেষ করে গরম কালে খুবই কষ্ট হয় বলে জানান ক্ষুদে শিক্ষার্থী লিসামনি, লাবিব, মনি, রোদেলা। তারা আসন্ন গরম কালের আগেই তাদের বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আজাহার হোসেন বলেন, যোগদানের পর গত বছরের ২৬ আগষ্ট মিটার সংযোগের জন্য আবেদন করেছি। বিদ্যালয় ঘেঁষেই রয়েছে পোল। সেখান থেকে ৫০০ ফিট দুরের পোলে বিদ্যুৎ রয়েছে। শুধুমাত্র তার না থাকার অজুহাত দেখিয়ে বিদ্যুৎ অফিস সংযোগ দিচ্ছে না।
এবিষয়ে রংপুর পল্লী বিদুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দ্রুতই বিদ্যালয়টিতে বিদুৎ সংযোগ দেয়া হবে।











