আখাউড়া স্হলবন্দরের চেকপোস্টে আনা হলো করোনাভাইরাস যন্ত্র
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : করোনাভাইরাস পরীক্ষা করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে মিনি থার্মাল স্ক্যানার আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে চেকপোস্টের ইমিগ্রেশন ভবনের সামনে বসানো মেডিকেল ডেস্কে থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের পরীক্ষা চলছে। এই স্ক্যানার দিয়ে এক মিটার দূর থেকেই যাত্রীর শরীরের তাপমাত্র মাপা যাবে। আগে শুধুমাত্র থার্মোমিটার ও স্টেথোস্কোপ দিয়ে কাজ করেছেন মেডিকেল ডেস্কের কর্মীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, চীনে মহামারী আকার ধারণ করার পর করোনাভাইরাস ঠেকানোর উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ। দেশের সবকটি বিমান, নৌ ও স্থলবন্দরে বসানো হয় মেডিকেল ডেস্ক। গত ২৬ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টেও এই মেডিকেল ডেস্ক বসানো হয়। থার্মাল স্ক্যানার না থাকায় যথাযথভাবে করোনাভাইরাস পরীক্ষা করা যেত না। শুধুমাত্র থার্মোমিটার ও স্টেথোস্কোপ দিয়েই এতোদিন কাজ চালিয়েছেন মেডিকেল ডেস্কের কর্মীরা। মূলত কোনো যাত্রী সম্প্রতি চীন ভ্রমণ করেছেন কি-না এবং যদি করে থাকেন তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় মেডিকেল ডেস্কে।











