দিনাজপুরের কাহারোলে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ট্রাক চালক নিহত
রংপুর ব্যুরো : দিনাজপুরের কাহারোলে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ফারুক হোসেন (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার ভাতগাঁও ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের বাড়ী চাপাইনবাবগঞ্জে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ধান বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রোঃ ট-১৬-৫৩৩৩) বুধবার বিকেলে দিনাজপুরের দিকে আসার পথে ভাতগাঁও ব্রীজের কাছে ঠাকুরগাঁও অভিমুখী একটি রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রোঃ ট ১৮-৪৮২৬) এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দিনাজপুর অভিমুখী ট্রাকের চালক ফারুক হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। দূর্ঘটনা কবলিত ট্রাক দুটি হাইওয়ে পুলিশ উদ্ধার করে এবং তাদের হেফাজতে রয়েছে।
সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানা অফিসার ইনচার্জ মনোজ কুমার রায় জানান, কাহারোল থানায় সড়ক দূর্ঘটনা বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।











