রংপুরে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার মূলহোতা গ্রেপ্তার
রংপুর ব্যুরো : রংপুর নগরীতে সেনাবাহিনীতে ভর্তিচ্ছুক ব্যক্তিদেরকে চাকরি দেয়ার প্রলোভন দিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা মাহমুদুল হাসান বেলাল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত সেনাবাহিনীর বিভিন্ন নিয়োগে নিজেই অবৈধভাবে নিয়োগপত্রে সীল ও স্বাক্ষর দিয়ে অবৈধভাবে টাকা হাতিয়ে নিত বলে র্যাব জানায়।
আজ মঙ্গলবার বিকেলে র্যাব-১৩ মিডিয়া অফিসার মেজর সৈয়দ ইমরান হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাবের বিশেষ আভিযানিক দল ও অন্যান্য সংস্থার সাহায্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রংপুর নগরীর জাহাজ কোম্পানী মোড় থেকে সেনাবাহিনীতে অবৈধভাবে লোক ভর্তির রংপুর বিভাগের প্রতারক চক্রের মূল হোতা নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী সরকারপাড়া গ্রামের মাহমুদুল হাসান বেলালকে গ্রেপ্তার করেন।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ও তার কয়েকজন সহযোগী দীর্ঘদিন থেকে সেনাবাহিনীর বিভিন্ন নিয়োগে নিজেরাই অবৈধভাবে নিয়োগপত্রে সীল ও স্বাক্ষর দিয়ে অধিক লাভবান হওয়ার উদ্দেশ্যে সেনাবাহিনীতে ভর্তিচ্ছুক ব্যক্তিদেরকে চাকরি দেয়ার প্রলোভন দিয়ে প্রতারণা করে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করে আসছে বলে স্বীকার করে।











