সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের আগের দিন প্রার্থীরা যা বললেন

news-image

শেখ ফজলে নূর তাপস : দলীয় নির্বাচনী কার্যালয়ে ব্যস্ত সময় পার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে নির্বাচনী কাজে সম্পৃক্ত নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

এর পাশাপাশি পোলিং এজেন্ট নিয়োগ ও তাদের দায়িত্ব বণ্টনের কাজও করেন তাপস। এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টা পর্যন্ত নিজ বাড়িতে অবস্থান করেন নৌকার প্রার্থী শেখ ফজলে নূর তাপস। দুপুরে গেণ্ডারিয়া ফরিদাবাদ মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। তবে সেখানে তিনি কোনো বক্তব্য দেননি। এরপর বনানী কবরস্থানে যান তাপস। সেখানে বাবা-মায়ের কবর জিয়ারত করে দোয়া মোনাজাত করেন। এরপর সেখান থেকে বাসায় ফিরে দুপুরের খাবার খান। বিকেল ৩টায় বাসা থেকে বেরিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখতে যান। সেখানে গণমাধ্যমকর্মীরা কথা বলার চেষ্টা করেন। কিন্তু তাপস কোনো কথা বলেননি। সেখান থেকে ফিরে নিজ নির্বাচনী কার্যালয়ে অপেক্ষমাণ দলীয় নেতাকর্মী ও নির্বাচনী কাজে সম্পৃক্তদের সময় দেন।

এ সময় তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন অঞ্চলে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে ফোনে সর্বশেষ প্রস্তুতির খোঁজখবর নেন। কোনো সমস্যা আছে কিনা তা জানতে চান। এ ছাড়া প্রত্যেকটি এলাকায় ভোটারদের হাতে ভোটার স্লিপ দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে খোঁজখবর নেন। শুক্রবার সকালের আগেই প্রতিটি কেন্দ্রে যেন তার পোস্টার টাঙানোর কাজ শেষ হয়, সে ব্যাপারেও দিকনির্দেশনা দেন। এভাবেই শুক্রবার রাত পর্যন্ত তিনি নির্বাচনী কার্যালয়ে অবস্থান করেন।

পাশাপাশি মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব ছিলেন তিনি। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রচারের সময় শেষ হওয়ায় তিনি নিজের ফেসবুক পেজে একটি অডিও বার্তার মাধ্যমে নিজের ইশতেহার তুলে ধরে নৌকার পক্ষে ভোট চান।

এ ছাড়া সেখানে ‘প্রাণের ঢাকা’ শিরোনামে একটি গান পোস্ট করেন তিনি। এ ছাড়া শুক্রবারও নগরবাসীর মোবাইলে ব্যারিস্টার ফজলে নূর তাপসের অডিও কল যায়। শনিবার সকাল ৯টায় ধানমন্ডির ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজে ব্যারিস্টার ফজলে নূর তাপস ভোট দেবেন বলে জানা গেছে।

ইশরাক হোসেন : ভোটারদের আবারও নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেছেন, কেন্দ্র দখল নয়-বরং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য তারা ভোটকেন্দ্র পাহারা দেবেন।

শুক্রবার গুলশানের বে টাওয়ারে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর বার্ন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন এ কথা বলেন।

বিদেশি কূটনৗতিকদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে ইশরাক বলেন, এটা পূর্বনির্ধারিত সৌজন্য সাক্ষাত। তার প্রতিদ্বন্দ্বি মেয়র প্রার্থীর সঙ্গেও এরকম সাক্ষাত করেছেন বার্ন্ট ক্রিসটেনসেন। আমি আমার বক্তব্য জানিয়েছি, প্রতিদ্বন্দ্বি প্রার্থীও তার বক্তব্য জানিয়েছেন।

ইশরাক বলেন, বার্ন্ট ক্রিস্টেনসেন তার কাছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। তারা কী আশঙ্কা করছেন, তাও শুনেছেন। তার কাছে ইভিএমের বিষয়টা বলেছি। ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলায় কমিটি করে সরকারদলীয় সন্ত্রাসীদের ঢাকায় এনে জড়ো করা হচ্ছে, কেন্দ্র দখলের পাঁয়তারা করা হচ্ছে- এসব বিষয়ও তুলে ধরা হয়েছে। কয়েকদিন আগে গোপীবাগের নির্বাচনী প্রচার মিছিলের ওপর স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের হামলার ঘটনাও যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে।

ইশরাক জানান, ভোটের দিন দক্ষিণ ও উত্তরের বিভিন্ন কেন্দ্রে তাদের পর্যবেক্ষক টিম যাবে। রুদ্ধদ্বার এই বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সও ছিলেন।

ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাচনের দিনটা কেমন যাবে, সেটা কেবল মহান আল্লাহ’তালা বলতে পারবেন। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে কী ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকারি দলের প্রার্থীদের পক্ষ থেকে চালানো হতে পারে, সেটা বলতে পারি। তিনি বলেন, বেশিরভাগ জরিপে ধানের শীষ ৮০ শতাংশ এগিয়ে আছে। বিএনপির পক্ষে এই যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা ওরা রুখতে চাচ্ছে।

বিএনপির মেয়রপ্রার্থী বলেন, আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা তাদের নেতাকর্মীদের কেন্দ্র দখল করতে বলেছেন। এসবই উস্কানিমূলক কথা। এর আগে আমার উপর বিনা উস্কানিতেই হামলা চালানো হয়েছিল। তবে এবার ভোটাররা দখলদারিত্ব মেনে নেবে না। আমরাও কেন্দ্র পাহারা দেব, দখলমুক্ত করে ভোটারদের ভোট দেওয়ার পরিবেশ তৈরি করব।

কতগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন- জানতে চাইলে ইশরাক জানান, তারা প্রায় ৪০০ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন। কিন্তু এর সংখ্যা আরও বাড়তে পারে।

সাংবাদিকদের সঠিক সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়ে বিএনপির মেয়রপ্রার্থী বলেন, গণমাধ্যম শেষ আস্থার জায়গা। আপনারা সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরবেন-এটাই অনুরোধ।

ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানিয়ে ইশরাক বলেন, কোন ভয়-ভীতিকে গ্রাহ্য করবেন না। আপনাদের সহায়তা করার জন্য প্রতিটি কেন্দ্রে বিএনপির কর্মী থাকবে। পরে গোপীবাগ জামে মসজিদে জুম্মার নামাজ শেষে জুরাইন কবরস্থানে শায়িত বাবা সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন ইশরাক হোসেন।

আতিকুল ইসলাম : শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে গিয়ে কথা বলেন আতিকুল ইসলাম -ফোকাস বাংলা

যত বেশি ভোটার কেন্দ্রে যাবে নৌকার ভোট ততই বাড়বে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি বনানী কবরস্থান মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে বনানী কবরস্থানে শায়িত তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এ সময় তিনি ডিএনসিসির প্রয়াত মেয়র আনিসুল হকের কবরও জিয়ারত করেন।

শুক্রবার নির্বাচনী প্রচার ও জনসংযোগের সুযোগ না থাকায় নির্ধারিত কোনো কর্মসূচি ছিল না আতিকুল ইসলামের। তবে সকালেই তিনি উত্তরার বাসভবন থেকে বনানীতে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে যান। সেখানে দলীয় নেতাকর্মী ও অনুসারীদের তিনি নির্বাচন নিয়ে নানা পরামর্শ দেন। তাদের কাছ থেকে সমস্যার কথাও শোনেন। প্রত্যেকটি কেন্দ্রে যেন নেতাকর্মীরা থাকে সে ব্যাপারে তাদের অনুরোধ করেন আতিকুল ইসলাম। ভোটারদের অনুরোধ করে কেন্দ্রে নিয়ে যাওয়ারও পরামর্শ দেন। প্রতিটি এলাকার এজেন্ট তালিকাও তিনি পর্যবেক্ষণ করেন। সব ভোটারের বাসায় বাসায় ভোটার স্লিপ পৌঁছেছে কিনা সে ব্যাপারে খোঁজ-খবর নেন। বিভিন্ন থানা, ওয়ার্ড ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং ওইসব এলাকায় নৌকার জন্য নির্বাচনের শেষ প্রস্তুতি কেমন তা জানতে চান।

বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল কাদেরকে দেখতে যান আতিকুল ইসলাম। এ সময় তিনি ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজ-খবর নেন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘যত বেশি মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে আসবে নৌকার বিজয় ততই নিশ্চিত হবে ইনশাল্লাহ। আপনারা সবাই সকাল সকাল পরিবার-পরিজন নিয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন।’ শেষ মুহূর্তে নির্বাচনের পরিবেশ সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, ‘এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন। আপনারা দেখেছেন গত ১০ জানুয়ারি থেকে রাত নেই, দিন নেই, নাওয়া-খাওয়া, শৈত্যপ্রবাহ সব বাদ দিয়ে আমরা কিন্তু মাঠেই ছিলাম। ইলেকশনের আমেজ ধরে রাখার জন্য আমাদের দল এবং বিরোধী দলকে বলব, নির্বাচনে হারজিত থাকবেই। শেষ মুহূর্ত ভোটের মাঠে থাকবেন, ফলাফল নিয়ে যাবেন। নগরবাসীকে বলব, কালকে ছুটির দিন আপনারা সকলে গিয়ে ভোট দেবেন।’

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, ‘দোয়া করি ওবায়দুল কাদের যেন সুস্থ হয়ে যান। সবাইকে অনুরোধ করব তার জন্য দোয়া করবেন। তিনি এখন অনেক ভালো এবং সুস্থ আছেন। ডাক্তারের মাধ্যমে জানতে পেরেছি, প্রধানমন্ত্রীর নির্দেশনা তাকে যেন কেউ বিরক্ত না করে। তিনি যেন সম্পূর্ণ রেস্টে থাকেন। এখন কোনো ধরনের শঙ্কা নেই। তিনি শঙ্কামুক্ত আছেন।’

হাসপাতাল থেকে বেরিয়ে তিনি আবারও নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতির খোঁজ-খবর নেন। গাড়িতে চলাচলের সময়ও ফোনে বিভিন্ন এলাকায় তার নির্বাচনের দায়িত্ব পালনকারীদের সঙ্গে কথা বলেন। সমস্যা আছে কিনা জানতে চান। সমাধানের পরামর্শ দেন।

তাবিথ আউয়াল : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে এই নিশ্চয়তা দিতে হবে, যাতে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারেন।

শুক্রবার গুলশান আজাদ মসজিদে জুমার নামাজ আদায় শেষে তাবিথ আউয়াল সাংবাদিকদের এ কথা বলেন।

তাবিথ বলেন, ডিএনসিসির ৫৪ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ১৮টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা সবাই প্রস্তুত রয়েছেন। ভোটাররাও প্রস্তুত ভোট দেওয়ার জন্য। এখন সুষ্ঠু ভোটগ্রহণের সব দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, তা কমিশনকেই নিশ্চিত করতে হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তাবিথ আউয়াল বলেন, রিজভী আহমেদ উত্তর সিটি করপোরেশন নির্বাচনে তার পক্ষে প্রচারে মাঠে নেমেছিলেন। তার ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। তাবিথ বলেন, হামলা হলেও তার মনোবল ভালো আছে। তিনি বলেন, যারা ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, তারাই মূলত ভয় পাচ্ছে।

এর আগে সকালে কারওয়ান বাজারের নিজের নির্বাচনী কার্যালয়ে আসেন তাবিথ আউয়াল। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। প্রতিটি ওয়ার্ডের খোঁজখবর নেন, ভোটকেন্দ্রগুলোতে দলের দায়িত্বরতদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তিনি অনির্ধারিতভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আমরা ভোটকেন্দ্রে যাব, আমাদের পোলিং এজেন্টরা যাবেন, প্রার্থীরা যাবেন। সুষ্ঠু ও নির্বিঘ্নে যাতে ভোটাররা ভোট দিতে পারেন, সেই পরিবেশ নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। যেভাবে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যদি কোনো অপচেষ্টাও হয়, জনগণই তার বিরুদ্ধে দাঁড়াবে।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, সব ধরনের বাধাবিপত্তি, ভয়ভীতি উপেক্ষা করে আপনারা ভোটকেন্দ্রে আসুন, ভোটাধিকার প্রয়োগ করুন। সরকারকে দেখিয়ে দিতে হবে, আসল ক্ষমতা জনগণের। জনগণ ভোটাধিকার ফিরিয়ে আনবে। এই ভোটের মাধ্যমে আবারও বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী