আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্পে সেচের পানি অবমুক্ত
গোলাম সারোয়ার, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের চলতি বছরের সেচের পানি অবমুক্ত করা হয়েছে। বিএডিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল করিম শনিবার দুপুরে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের অভ্যন্তরে ইনটেক প্রধান এইচ গেইট খুলে দিয়ে এ পানি অবমুক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ ওবায়েদ হোসেন,আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো.শাহ আলম,আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের সহকারী প্রকৌশলী মফিজুল ইসলাম,প্রকৌশলী মো.খলিলুর রহমান প্রমুখ।
চলতি ইরি-বোরো মৌসুমে এ প্রকল্পে প্রায় ৬৫হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যে ৩৫ হাজার একর কৃষি জমিতে সেচ সুবিধা প্রদান করা হবে। এতে করে ৩০ হাজার কৃষক সেচ সুবিধা পাবে।গত বছরের তুলনায় চলতি বছর সেচের আওতা ও উৎপাদনের লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে বলে জানায় জেলা কৃষি স¤প্রসারণ বিভাগ (বিএডিসি)।
জানা গেছে, বিএডিসির ব্যবস্থাপনায় আশুগঞ্জ বিদুৎ কেন্দ্রের বর্জ্য পানির মাত্র ৪০ শতাংশ সেচ কাজে ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৪ উপজেলা ( আশুগঞ্জ, সরাইল, সদর ও নবীনগরের অংশবিশেষ) ৪০ হাজার একর জমি সেচের আওতায় আনা হয়েছে। প্রকল্পে সুবিধা ভোগী কৃষকেরা লিপ্টিং পদ্ধতিতে (যেখানে খাল থেকে পাম্পের মাধ্যমে পানি উঠাতে হয়) একর প্রতি ৪শ এবং গ্রেভিটি পদ্ধতিতে (যেখানে সেচের পানি সরাসরি জমিতে ছড়িয়ে পড়ে) ২শ টাকায় সেচ সুবিধা পান। তাছাড়া এ প্রকল্পে ভু-উপরস্থ -নদীর পানি ব্যবহার করায় জমির উর্বরা শক্তি থাকে অক্ষুন্ন।
চলতি মৌসুমে ৬৫ হাজার মেঃ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর গত বছরের তুলনায় সেচের আওতা বাড়ানো হয়েছে, ফলে উৎপাদানের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেয়েছে। প্রকল্প পরিচালক মোঃ ওবায়েদ হোসেন বলেন, সরকার ভবিষ্যতে এ প্রকল্প স¤প্রসারণের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে এটি একটি ব্যতিক্রমি সেচ প্রকল্প। এখানে ৭০ ভাগ জ্বালানী (এনার্জি) সাশ্রয় হয়।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএডিসির রিজার্ভার পুকুর ভরাট করার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সরাইল, সদর ও নবীনগর এই চার উপজেলার সেচ ব্যাহত হওয়ার শংকা নিয়ে সেচের পানি সরবরাহ অবমুক্ত করায় কৃষকরা ঠিক সময় পানি পাবেন কি না তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এই চার উপজেলার হাজার হাজার কৃষক।
বিএডিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল করিম বলেন,রিজার্ভার পুকুরের ভরাটকৃত মাটি দ্রুত সরিয়ে অন্যত্র নেওয়ার বিষয়ে আন্তমন্ত্রনালয়ে বৈঠকে আলোচনা হবে।আশা করছি খুব তাড়াতাড়ি এ বিষয়টি সুরাহা হবে।











