পেঁয়াজ আমদানিতে নভেম্বরে রেকর্ড, তবুও দাম কমেনি
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ স্থলবন্দর দিয়ে চলতি নভেম্বর মাসে মিয়ানমার থেকে ২১ হাজার ৫৬০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। গত অক্টোবরে আমদানি হয়েছিল ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন।
পেঁয়াজের দাম বৃদ্ধিতে সরকার বিভিন্ন দেশ থেকেই আমদানি বাড়িয়েছে। কিন্তু বাজারে সেটির প্রভাব পড়েনি। কমেনি পেঁয়াজের দাম।
মিয়ানমার তেকে এর আগে সেপ্টেম্বর ও আগস্ট মাসে যথাক্রমে ৩ হাজার ৫৭৩ মেট্রিক টন ও ৮৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।
জানা গেছে, মিয়ানমার থেকে আমদানিকৃত পেঁয়াজ দ্রুত খালাসে রাত-দিন কাজ করছে শ্রমিকরা। আমদানিকারকরা এ বন্দরে কোনো বাধা-প্রতিবন্ধকতা ছাড়াই তাদের আমদানিকৃত পণ্য সহজে খালাস করতে পারছেন।
জানা গেছে, পেঁয়াজের দাম বাংলাদেশে বাড়তি থাকায় মিয়ানমারও রপ্তানিতে মূল্য কিছুটা বাড়িয়ে দিয়েছে। এ কারণে পেঁয়াজ বাড়তি এলেও দামে প্রভাব কম পড়ছে বলে ব্যবসায়ীরা বলছেন।
মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে রেকর্ড পরিমাণে পেঁয়াজ আমদানি হলেও বন্দর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে পৌরবাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০০ থেকে ২১০ টাকায়। এ ছাড়া জেলার অন্যান্য উপজেলাতে পেঁয়াজের দাম আরো চড়া রয়েছে।
টেকনাফ স্থল বন্দর শুল্ক কর্মকর্তা আবছার উদ্দীন জানান, ২০১৯-২০ অর্থ বছরে ব্যবসায়ীরা মূলত অক্টোবরের শুরু থেকে পুরোদমে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু করে। এই দুই মাসে ৪২ হাজার ৪০৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এ নিয়ে জমাট ক্ষোভ রয়েছে কক্সবাজারের বাসিন্দাদের মনে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাইফ বলেন, ব্যবসায়ীদের সাথে আলোচনা করে পেঁয়াজের দাম বৃদ্ধি রোধ করার চেষ্টা করা হচ্ছে এবং আমদানিকারকদের আরো বেশি পরিমাণে পেঁয়াজ আমাদানিতে উদ্ধুদ্ধ করা হয়েছে।
ক্রেতারা মনে করছেন, মিয়ানমার থেকে যে পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে তাতে পেঁয়াজের দাম ১০০ টাকা অতিক্রম করার কথা নয়। অথচ সে পেঁয়াজ কিনতে হচ্ছে ২০০ টাকার বেশি দামে। এ ছাড়া কোনো কোনো খুচরা দোকানে পেঁয়াজই মিলছে না। সিন্ডিকেট চক্রেই এ কারসাজি বলে তাদের ধারণা।











