রাজধানীতে গণপরিবহনের তীব্র সংকট, ভোগান্তি চরমে
নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন জেলায় চলমান পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতেও। গত কয়েকদিনের তুলনায় রাজধানীর সড়কগুলোতে আজ বুধবার গণপরিবহনের তীব্র সংকট দেখা গেছে। যাত্রাবাড়ী থেকে ঢাকার অভ্যন্তরে গণপরিবহন বন্ধ রেখেছে শ্রমিকরা। এ ছাড়া সায়েদাবাদ থেকে ছাড়ছে না কোনো দূরপাল্লার বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী।
সরেজমিনে রাজধানীর প্রায় সব সড়ককেই গণপরিবহনের অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কেউ কেউ বাসের জন্য দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা করছেন। কেউ আবার উপায় না দেখে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন। অনেকেই ভাড়া নির্ধারণ করে মোটরসাইকেল ও প্রাইভেট কার দিয়ে রাইড শেয়ার করছেন। এ ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের। তবে বাস না পেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন স্কুলগামী শিক্ষার্থী ও নারীরা।
এদিকে, বুধবার সকাল থেকে শ্রমিকদের আন্দোলন-ধর্মঘটে বন্ধ রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় সব যান চলাচল। অভ্যন্তরীণ ছোট কিছু যানবাহন ছাড়া তেমন কোনো গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে না সড়কগুলোতে।
সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জের শিমরাইল, কাঁচপুরসহ ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। তারা সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এর মধ্যে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও কাঁচপুরে দেখা গেছে, শ্রমিকরা বিভিন্ন পরিবহনের বাস দিয়ে রাস্তা আটকে যান চলাচল বন্ধ করে রেখেছেন।











