ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
পেঁয়াজ, লবন, চাল, ঔষধসহ নিত্য-প্রয়োজনীয় পণ্যে’র মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ওর্য়াকার্স পাটি। সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার চান্দুরা বাসষ্ট্যান্ডের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রায়মহন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন সংগঠনের উপজেলার সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা কমিটির সদস্য সঞ্জয় রায় পোদ্দার, চান্দুরা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ দুলাল মিয়া, সাধারণ সম্পাদক অপূর্ব রায়, সংগঠনের সদস্য মোঃ বিল্লাল মিয়া প্রমুখ। এছাড়া মানববন্ধনের প্রতি সংহতি প্রকাশ করে স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, পেঁয়াজের পর্যাপ্ত যোগান থাকার পরও ব্যবসায়ীদের সিন্ডিকেটের মাধ্যমে মূল্য বৃদ্ধি করে সাধারণ জনগণের নিকট থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বাজার মনিটরিং জোরদার করার আহবান জানান। বক্তারা বাজারে চাল, ঔষধসহ অন্যান্য পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।











