মাটির নিচে অবৈধ গ্যাস নেটওয়ার্ক, ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা
ডেস্ক রিপোর্ট : সারাদেশে মাইলের পর মাইল অবৈধ গ্যাস নেটওয়ার্ক গড়ে উঠেছে। বৈধ উপায়ে পাইপলাইনে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ার পর প্রায় প্রতিটি এলাকায় গড়ে ওঠে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার শক্তিশালী সিন্ডিকেট। স্থানীয় রাজনৈতিক, প্রভাবশালী ও গ্যাস বিতরণ কোম্পানির কর্মকর্তাদের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেট মাইলের পর মাইল অবৈধ গ্যাস নেটওয়ার্ক গড়ে তুলেছে। এটি এখন মরণফাঁদ হিসেবে দেখা দিয়েছে। গ্যাস বিতরণ কোম্পানির একাধিক কর্মকর্তা বলেন, যে প্রক্রিয়ায় অবৈধ গ্যাস নেটওয়ার্ক বেড়েছে, তাতে গ্যাসের প্রেশার বাড়লেই দুর্ঘটনা ঘটবে; হবে ভয়াবহ প্রাণহানি।
চলতি বছরের ২২ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার সাওঘাটে একটি বাসায় গ্যাসের লাইন বিস্ফোরণে দুজন নিহত হন। আহত হন সাতজন। বিস্ফোরণে দোতলা বাড়ির নিচতলার দেয়াল উড়ে ৩শ ফুট দূরে গিয়ে পড়ে। তিতাস সূত্রে জানা যায়, গ্যাসের হাইপ্রেশার পাইপলাইন থেকে নেওয়া
অবৈধ গ্যাস সংযোগের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। গত বছরের ২ নভেম্বর আশুলিয়ার নরসিংহপুরের মানিকগঞ্জপাড়ার একটি বাড়ির নিচতলায় গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হয়। ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি রাজধানীর ডেমরায় রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হন। সর্বশেষ গতকাল রবিবার গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণে সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এমন ঘটনা অহরহ ঘটছে। মানুষ মারা যাচ্ছে। প্রতিটি ঘটনার পর তদন্ত কমিটি হচ্ছে।
চট্টগ্রামে যে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে, তার প্রকৃত ঘটনা এখনো জানা যায়নি। ইতোমধ্যে যেসব দুর্ঘটনা ঘটছে, তার কারণ অবৈধ গ্যাসলাইন সংযোগ। এমন গ্যাস সংযোগ বা গ্যাসলাইনের কারণে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বন্ধের নির্দেশনা দিয়ে এ সংক্রান্ত সংসদীয় কমিটি কয়েক মাস আগে জানায়, এসব সংযোগ বিচ্ছিন্ন করা না হলে দেখা দেবে মানবিক সংকট।
তিতাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সত্যিকার অর্থে অনেক জায়গায় খুবই নিন্মমানের পাইপ দিয়ে হাইপ্রেশার লাইন থেকে গ্যাসের নেটওয়ার্ক অবৈধভাবে বাড়ানো হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ, রূপগঞ্জ, মুন্সীগঞ্জের গজারিয়া, এমনকি গাজীপুরের কোথাও কোথাও হাইপ্রেশার লাইন থেকে নিম্নমানের পাইপ দিয়ে গ্রামের ভেতর গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। গ্যাসের প্রেশার বাড়লে যে কোনো সময় এসব এলাকায় বড় ধরনের অগ্নিকা- ঘটবে। কেন বিচ্ছিন্ন করা যাচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, কোথাও কোথাও এসব অবৈধ সংযোগের পক্ষে অবস্থান নিয়েছে স্থানীয় এমপি, মন্ত্রী ও রাজনৈতিক নেতাকর্মী। ফলে তিতাস বা যে কোনো বিতরণ কোম্পানিরই কিছু করার নেই।
কয়েক মাস আগে সংসদীয় কমিটি এ বিষয়ে সুপারিশে বলে, সারাদেশে স্থাপিত অবৈধ গ্যাস সংযোগ বিস্ফোরিত হয়ে মানবিক সংকট দেখা দিতে পারে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সংসদীয় কমিটিতে দেওয়া এক প্রতিবেদনে এমনটি তুলে ধরে কমিটি বলেছে, দেশের ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির উচিত দ্রুত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা।
এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে বিতরণ কোম্পানিগুলো রয়েছে নানা সংকটে। কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারদলীয় প্রভাবশালী, স্থানীয় জনগণের বাধা, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতায় অবৈধ সংযোগ অপসারণ করা যাচ্ছে না।
২০১০ সালের ১৪ জুলাই আবাসিক গ্যাস সংযোগ সরকারি নির্দেশনায় বন্ধ করে দেওয়া হয়। পরে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস বিতরণ কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ঠিকাদার অবৈধ গ্যাস সংযোগ দেয়। সরকার বিষয়টি অনুধাবন করে ২০১৩ সালের ৭ মে আবাসিক গ্যাস সংযোগ উন্মুক্ত করে। তবে ওই সময় পেট্রোবাংলা থেকে একটি ঘোষণা দেওয়া হয়, অবৈধ গ্যাস সংযোগ গ্রহণকারীদের আগে বৈধ করা হবে। এ ঘোষণার পর সারাদেশে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার হিড়িক পড়ে।
সূত্র জানায়, কমবেশি সব গ্যাস বিতরণ কোম্পানিতে অবৈধ গ্যাস সংযোগ থাকলেও সবচেয়ে বেশি রয়েছে তিতাস গ্যাস বিতরণ কোম্পানির আওতাধীন এলাকায়। সংসদীয় কমিটির কাছে দেওয়া প্রতিবেদন থেকে জানা যায়, তিতাস এলাকায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে ২০০ কিলোমিটার। আরও অবৈধ লাইন শনাক্তে কাজ করছে তিতাস।
তিতাস গ্যাস কয়েক মাস আগে সংসদীয় কমিটির কাছে পাঠানো এক প্রতিবেদনে জানিয়েছে, ঢাকার বিভিন্ন এলাকায়, গাজীপুর, নরংসিদী, টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করা হয়েছে। কোথাও কোথাও অবৈধ গ্যাস সংযোগ অপসারণ করা হলেও, আবার সেগুলো বসানো হয়েছে।
এসব অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি- বিশেষ করে ইউপি মেম্বার, চেয়ারম্যান এবং সরকারদলীয় প্রভাবশালী নেতাকর্মী জড়িত। ফলে অবৈধ বিতরণ লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। তিতাস বলছে প্রতিটি এলাকাভিত্তিক স্বার্থবাদী চক্র গড়ে উঠেছে, যারা অবৈধ গ্যাস সংযোগ দিতে এককালীন অর্থ নিচ্ছে। আবার বিল হিসেবে মাসে মাসে টাকা তুলে নিজেরা ভাগবাটোয়ারা করে নিচ্ছে।
তিতাস ওই প্রতিবেদনে জানিয়েছে, অবৈধ লাইন ও সংযোগ বিচ্ছিন্নকরণে বেশকিছু ব্যবস্থা নিয়েছে। এগুলোর মধ্যে কোম্পানির অফিসে একই পদে দীর্ঘদিন কর্মরতদের বদলি করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত তিতাসের সাত কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। দৈনিক আমাদের সময়











