ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় রিপোর্ট জমা দিয়েছে বিভাগীয় তদন্ত কমিটি
ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেল স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত রেলওয়ের বিভাগীয় পর্যায়ের তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। শুক্রবার দুপুরে রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামানের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত দলের সদস্যরা।
তদন্ত কমিটির আহ্বায়ক মো. নাসির উদ্দিন বলেন, বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় থাকলেও একভাগ কাজ অসম্পূর্ণ থাকায় তদন্ত প্রতিবেদন জমা দেয়া যায়নি। শুক্রবার আবারও ঘটনাস্থল পরিদর্শন করে সম্পূর্ণ প্রতিবেদন ডিজির কাছে জমা দেয়া হয়।
জানা গেছে, প্রতিবেদনে দুর্ঘটনার জন্য তূর্ণা নিশীথার চালক (লোকোমাস্টার) তাছের উদ্দিন ও সহকারী চালক (এএলএম) অপু দে’কে দায়ী করা হয়েছে।
দায়িত্বে অবহেলার জন্য দায়ী করা হয়েছে গার্ড আবদুর রহমানকে। দুই চালক ঘুমিয়ে ছিলেন, এ বিষয়ে কমিটি নিশ্চিত হয়েছে। কুয়াশা ও মাটির স্তুপের জন্য স্টেশনের সিগন্যাল দেখতে পাননি বলে চালকরা যে দাবি করেছেন, তদন্তে তার সত্যতা মেলেনি।
সূত্র : আমাদের নতুন সময়











