আশুগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই বিএডিসির পুকুর ভরাট
আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই বিএডিসির রিজার্ভার পুকুর ভরাট করছে স্থানীয় বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, আশুগঞ্জ।এতে প্রায় ২২ হাজার হেক্টর কৃষি জমি অনাবাদী থাকার পাশাপাশি ৯৬ হাজার মেট্রিকটন ধান উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে এবং ৩১ হাজার কৃষক সেচ সুবিধা না পাওয়ার কারনে বেকার হয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া বিএডিসি অফিস সুত্রে জানা যায়, দেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহৃত ডিশচার্জ পানি ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার জেলার আশুগঞ্জ, সরাইল,নবীনগর,বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার প্রায় ২২ হাজার হেক্টর কৃষি জমিতে বিএডিসির নিয়ন্ত্রনাধীন আশুগঞ্জ সবুজ প্রকল্পের সেচের পানি দিয়ে চাষ হয়ে আসছে এবং যেখানে আগে এসকল কৃষি জমিতে প্রতি ৩০ শতাংশ জমিতে ৭/৮ মণ ধান উৎপাদন হত সেখানে প্রাকৃতিক উৎসের বিএডিসির পানি পাওয়ার পর প্রতি ৩০ শতাংশ জমিতে ৭/৮ মণ ধা উৎপাদনের পরিবর্তে ২০/২৫ মণ উৎপাদন হচ্ছে।
এ অবস্থায় বিএডিসির সাথে কোন প্রকার আলাপ-আলোচনা ছাড়া জাতীয় গুরুত্বপুর্ন বিএডিসির রিজার্ভার পুকুরটি ভরাট করে ফেলায় বড়ধরনের সমস্যায় পড়বে উক্ত প্রকল্পের অর্ন্তভুক্ত ব্রাহ্মণবাড়িয়ার জেলার আশুগঞ্জ, সরাইল,নবীনগর,বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩১ হাজার কৃষক।এব্যাপারে বিএডিসির ব্রাহ্মণবাড়িয়ার প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ওবায়েদ হোসেন বলেন,আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র এবং বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, আশুগঞ্জ অফিস যৌথভাবে বিএডিসির ব্যবহৃত রিজার্ভার পুকুরটি ভরাট করার ব্যাপারে তাদেরকে কয়েকদফা চিঠি দেয়ার পরও তারা ৩১ হাজার কৃষকের কথা চিন্তা না করে পুকুরটি ভরাট করে ফেলেছে।
এই অবস্থায় বিষয়িিট আগামি ইরি-বুরো মৌসুম শুরুর আগে সুরাহা না হলে হাজার হাজার কৃষক কিভাবে তাদের সেচের পানি পাবে তা কোন অবস্থাতেই সমাধান হচ্ছে না।বিষয়টি অতীব গুরুত্ব বিবেচনা করে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে লিখিত চিঠি দিয়েছে।কিন্তু এখন পর্যন্ত কোন সমাধান না হওয়ায় সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান বলেন,বিএডিসি যে পুকুরটি তাদের রিজার্ভার পুকুর হিসাবে দীর্ঘ ২৫ বছর ধরে ব্যবহার করে আসছে এটা আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের জায়গা নয়।এই পুকুরটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জায়গা।এই বিষয়ে আমার কোন বক্তব্য নেই।
বিক্রয় ও বিতরণ বিভাগ, আশুগঞ্জ এর নিবার্হী প্রকৌশলী মো.রিয়াজুল হক বলেন,বিএডিসির ব্যবহৃত রিজার্ভার পুকুরটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জমি।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিভাবে পুকুরটি ভরাট করেছে তা আমার জানা নেই।তবে তিনি একথা বলেন,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে জায়গা ভরাট করছে সে জায়গায় আশুগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিক্রয় ও বিতরণ বিভাগ) কার্যালয় নির্মান করার একটি প্রকল্প দীর্ঘদিনের রয়েছে।তবে জায়গা ভরাটের ব্যাপারটি আমরা করছি না।সেটা করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ,ঢাকা।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঢাকার নিবার্হী প্রকৌশলী হিরেন্দ্র চন্দ্র পাল বলেন,আমার জায়গা আমি ভরাট করব সেখানে কারো সাথে আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।এটা একান্তই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিষয়।
এদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শুধু তাদের পুকুর ভরাট করেই ক্ষান্ত হয়নি ।তাদের জায়গা ভরাটের পর রেলের পুকুর ভরাট করার অভিযোগ উঠেছে আশুগঞ্জ উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের বিরুদ্ধে।কোন প্রকার নোটিশ ছাড়াই আশুগঞ্জের সোনারামপুর এলাকার ১৮৯৯ দাগের প্রায় তিন একর পুকুর ভরাট করার উদ্যোগ নেয়ায় প্রায় ২০লক্ষ টাকার মাছের ক্ষতির আশংকা করছেন। পুকুর লিজ নেয়ার চাষকৃত মাছের মালিক মুক্তিযোদ্ধা আবুল হাশেম দাবী করেন।মুক্তিযোদ্ধা আবুল হাশেম বলেন,আমি ২০২২ সাল পর্যন্ত আমার লিজের মেয়াদ আছে। এই রেলের পুকুর ভরাট করলে আমি পথে বসে যাব।তদন্ত সাপেক্ষে আমি এর সুষ্ঠু বিচার চাই।আশুগঞ্জের পুকুর ভরাট করার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পুকুর ভরাট করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধদিপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি বলেন, আশুগঞ্জের পুকুর ভরাটের বিষয়টি আমার জানা নেই।বিষয়টি জানার পর তদন্ত করে দেখবেন বলে তিনি মন্তব্য করেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদদৌলা খান বলেন,বিএডিসির রিজার্ভার পুকুর ভরাট করার বিষয়টি আমরা সুষ্ঠু সমাধানের চেষ্টা করছি।আশা করছি একসাথে বসে এর একটা উপায় বের করা সম্ভব হবে।











