আখাউড়াস্থ দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর পরিদর্শনে কিজেং ওয়াং চং
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত ভুটানের চার্জ দ্যা এফেয়ার্স মি. কিজেং ওয়াং চং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াস্থ দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর পরিদর্শন করেছেন। আজ শনিবার সকালে স্থলবন্দর পরিদর্শন, ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মি. কিজেং ওয়াং চং বলেন, ভুটান বাংলাদেশের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। সার্কভুক্ত দেশ হিসেবে দু’দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। ভুটানের অনেক শিক্ষার্থী বাংলাদেশে পড়শোনা করছে।
দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো বৃদ্ধি করা প্রয়োজন। এছাড়াও এই বন্দর দিয়ে ভুটানে কী ধরনের পণ্যসামগ্রী আমদানি-রপ্তানি করা যেতে পারে তা খতিয়ে দেখা এখন সময়ের দাবী। আখাউড়া স্থলবন্দর দুই দেশের বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। এসময় তিনি আরো বলেন, ভুটান-বাংলাদেশ দুই দেশের সম্প্রীতির বন্ধন রয়েছে। সুতরাং দু’দেশের মধ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীরা যেনো ভুটানের সঙ্গে সহজ ও সুন্দরভাবে পণ্য সামগ্রী আমদানি-রপ্তানি বাণিজ্য করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি কাস্টম, ইমিগ্রেশন, নো-ম্যান্সল্যাণ্ড, স্থলবন্দর এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন সুবিধা-অসুবিধা, সমস্যা-সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সম্পর্কে অবহিত হন।
এ সময় আখাউড়া-কসবা সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মো. আবদুল করিম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া স্থলবন্দর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, কাস্টমস রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী, আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী, ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ,আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিশেনের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।











