বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ

in pkবিশ্বকাপ ক্রিকেটের অত্যান্ত গুরুত্বপূর্ণ ম্যাচে উপমহাদেশের দু’দল পাকিস্তান ও ভারত তাদের গ্রুপের প্রথম ম্যাচে কাল রোববার মুখোমুখি হবে।বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় এ্যাডিলেডে ‘বি’গ্রুপের এই ম্যাচটি শুরু হবে। শনিবার শুরু হয়েছে একাদশতম ওয়ানডে বিশ্বকাপের মাঠের মূল লড়াই। তবে যে ম্যাচটি ঘিরেবিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের মাঝে সবসময়ের মতো এবারও উত্তেজনা ছড়িয়েছে সেই ম্যাচটি হচ্ছে ভারত-পাকিস্তানের লড়াই । অবিশ্বাস্য হলেও সত্যি যে এই ম্যাচটির টিকিট মাত্র ২০মিনিটেই বিক্রি হয়ে গিয়েছে। ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি মানেই স্নায়ুযুদ্ধ। আর সেটা যদি হয় বিশ্বকাপের মতো হাই ভোল্টেজ ম্যাচ তা হলে তো কোনো কথাই নেই। বিশ্বকাপের দ্বিতীয়দিনেই সেই উত্তেজনাকর ম্যাচটি হওয়াতে ক্রিকেটভক্তদের মধ্যে একটি বাড়তি আবেগ ও উত্তেজনা বিরাজ করছে। কারণ বিশ্বকাপে পাকিস্তান আজ পর্যন্ত একটি ম্যাচেও ভারতকে পরাজিত করতে পারেনি।তাই আজকের ম্যাচকে ঘিরে পাকিস্তান অনেকটা বাড়তি চাপে থাকবে।

বিশ্বকাপ ক্রিকেটে এ পর্যন্ত পাচঁ বার মুখোমুখি হয়েছে এ দু’দল। ৫-০ ব্যবধানে এগিয়ে ভারত। এই সংখ্যা আরও একধাপ বাড়ানোর লক্ষ্য ভারতের। আর পাকিস্তানের লক্ষ্য হারের বৃত্ত থেকে বেরিয়ে আসা।

সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না ভারতের। গেল নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় রয়েছে ভারত। টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারের পর, ত্রিদেশীয় সিরিজেও ব্যর্থ তারা। ফাইনালেও উঠতে পারেনি ভারত। এমনকি প্রথম প্রস্তুতি ম্যাচেও হেরেছিল ধোনির দল। তবে আফগানিস্তানের বিপক্ষে ঠিকই তাদের ভালোভাবে ঝালিয়ে নিয়েছে ভারত। কারণ উপরের সারির ব্যাটসম্যানদের দুঃশ্চিন্তা কিছুটা তো রয়েছেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের। শিখর ধাওয়ানের ফর্মহীনতা, বিরাট কোহলির অফ-ফর্মে থাকা, মিডল-অর্ডারে ধোনির রান পাওয়া।

শুধুমাত্র ব্যাটিং বিভাগেই নয়, বোলিং বিভাগ নিয়ে চিন্তার ভাঁজ কপালে ভারতীয় শিবিরে। যেভাবে দরকার সেভাবে নিজেদের মেলে ধরতে পারছেন না ভারতীয় বোলাররা। বিশেষভাবে পেসাররা। তবে আশার কথা হলো নেটে বোলিং করেছেন পেসার ভুবেনশ্বর কুমার।

তবে এসব নিয়ে খুব বেশি ভাবতে চান না ভারত দলপতি মহেন্দ্র সিং ধোনি। তার লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরাটা প্রদর্শন করা, ‘গেল কয়েকমাস কি হয়েছে, কি হয়নি। এসব মুখ্য বিষয় নয়। এটা বিশ্বকাপ। বড় আসর। পাকিস্তানের বিপক্ষে বড় ম্যাচ খেলতে নামবো। তাই এই ম্যাচে নিজেদের সেরাটা প্রদর্শন করতে হবে আমাদের। ছেলেরা তা করার জন্য মুখিয়ে আছে। জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চাই এবং পাকিস্তানের বিপক্ষে আমাদের অতীতের রেকর্ড অব্যাহত রাখতে চাই।

এদিকে, ওয়ানডেতে পাকিস্তানের সাম্প্রতিক ফলাফলও ভালো নয়। শেষ চার ওয়ানডে সিরিজের সবকটিতেই হেরেছে তারা। এরমধ্যে বেশি গুরুত্বপূর্ণ ছিলো নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে মিসবাহ’র দল।

তবে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচে ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ দুটি জয় তুলে নিয়েছে তারা। আর এটিকেই মনোবল বাড়ানোর টনিক হিসেবে নিয়েছেন পাকিস্তান দলপতি মিসবাহ উল হক, ‘আমি মনে করি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ আমাদের অনেক উপকার করেছে। এতে আমাদের মনোবল বেড়ে গেছে। প্রথম ম্যাচটি অনেক বড়। ভারত অনেক শক্তিশালী প্রতিপক্ষ। আর বিশ্বকাপে আমাদের বিপক্ষে সব সময় ভালো ক্রিকেট খেলে তারা। তবে অতীত নিয়ে খুব বেশি ভাবতে চাই না। আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলে সাফল্যকে সঙ্গী করা।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখনপর্যন্ত ১২৬বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের পাল্লাটা অনেক বেশি ভারি পাকিস্তানের দিকে। ৭২টি ম্যাচ জিতেছে তারা। আর ভারতের জয় ৫০ ম্যাচে।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান :

আসর সাল ভেন্যু বিজয়ী দল ব্যবধান

পঞ্চম বিশ্বকাপ ১৯৯২ সিডনি ভারত ৪৩ রানে জয়ী

ষষ্ঠ বিশ্বকাপ ১৯৯৬ ব্যাঙ্গালুরু ভারত ৩৯ রানে জয়ী

সপ্তম বিশ্বকাপ ১৯৯৯ ম্যানচেষ্টার ভারত ৪৭ রানে জয়ী

অষ্টম বিশ্বকাপ ২০০৩ সেঞ্চুরিয়ান ভারত ৬ উইকেটে জয়ী

দশম বিশ্বকাপ ২০১১ মোহালি ভারত ২৯ রানে জয়ী

ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, আম্বাতি রাইদু, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, স্টুয়ার্ট বিনি ও মোহিত শর্মা।

পাকিস্তান দল: মিসবাহ উল হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, নাসির জামশেদ, সরফরাজ আহমেদ, ইউনুস খান, হারিস সোহেল, উমর আকমল, শোয়েব মাকসুদ, শহিদ আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, রাহাত আলী, এহসান আদিল, সোহেল খান, ওয়াহাব রিয়াজ।