বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে সহজে জিততে দিল না বাংলাদেশ

5d732bfd9191bc43450356b60224df21-Pakistan-Bangladeshক্রীড়া ডেস্ক : দুটি আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচে হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ-মিশন। আজ পাকিস্তানের বিপক্ষে প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচও শুরু হলো হার দিয়ে। তবে আগের দুটির তুলনায় এ ম্যাচে কিছুটা পার্থক্য রয়েছে। বাংলাদেশের বিপক্ষে জিততে বেশ বেগই পেতে হয়েছে পাকিস্তানকে। সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্কে ওভাল মাশরাফি বিন মুর্তজার দলকে ৩ উইকেটে হারিয়েছে মিসবাহ-উল-হকের দল। ২৪৭ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে গিয়ে ৭ উইকেটই হারায়নি, পাকিস্তানকে খেলতে হয়েছে ৪৯ ওভার পর্যন্ত।

২৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশি পেসারদের তোপে বেশ বিপাকেই পড়ে পাকিস্তান। মাত্র ৮ রানেই ফিরে যান দুই পাকিস্তানি ওপেনার। তৃতীয় উইকেটে ৪৪ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ইউনিস খান-হারিস সোহেল। তাসকিনের বলে ২৫ রান করে ইউনিস ও ৩৯ করে মাহমুদউল্লাহর বলে সোহেল ফিরলে আশা জাগে বাংলাদেশের। ১০৩ রানে প্রথম ৪ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে পাকিস্তান। ৫০ ওভারের অর্ধেকও প্রায় তখন খেলা শেষ।

তবে এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের জয়ের আশা কেড়ে নেন শোয়েব মাকসুদ। উমর আকমলের সঙ্গে করে জয়ের দিকে এগিয়ে যান শোয়েব। পঞ্চম উইকেট জুটিতে দুজনে যোগ করেন ৬৩ রান। ৩৯ রান করা আকমলকে মাশরাফি ফেরালেও শোয়েব ৯৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে আসেন। ৩ উইকেট হাতে রেখে ১১ বল বাকি থাকতেই জয়ের দেখা পেয়ে যায় পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে বেশ সাফল্য পেয়েছেন বাংলাদেশের পেসাররা। মাশরাফি ১০ ওভার বল করে ৫০ রানে পেয়েছেন ২ উইকেট, রুবেল ৮ ওভারে ৩২ রানে ১ উইকেট ও তাসকিন ৭ ওভারে ৪১ রানে ২ উইকেট। এছাড়া সাকিব ও মাহমুদউল্লাহর সংগ্রহে ১টি করে উইকেট।

বাংলাদেশ আফসোস করতে পারে নিজেদের ব্যাটিং নিয়ে। প্রথমে ব্যাট করতে নেমে সংগ্রহটা অনেক বড় করতে পারত মাশরাফিরা। কিন্তু স্লগ ওভারে উইকেট বিলিয়ে দিয়ে আসায় সেটি সম্ভব হয়নি। ৪০.৩ ওভারে ৪ উইকেটে ১৯০ থেকে ৪৯.৫ ওভারে ২৪৬ রানে আলআউট। শেষ দশ ওভারে ৫৬ রান যোগ করতেই হারাল অবশিষ্ট ৬ উইকেট।

মাহমুদউল্লাহ আর তামিম ইকবাল যে ভিত্তি এনে দিয়েছিলেন, যেটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তামিম ৮১ ও মাহমুদউল্লাহ ৮৩ রান করেন। ১৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর তৃতীয় উইকেট জুটিতে ১৬৮ রান যোগ করেছিলেন দুজনে। কিন্তু ৯ বলের মধ্যে তামিম-মাহমুদউল্লাহ দুজনেই ​ফিরে আসেন। বাকিরাও আর রানের ঝড় তুলতে পারেননি। শেষ কটা ওভারে অনন্ত ২০ রান কম তুলেছে বাংলাদেশ। সেই ২০টা রান পেলেই হয়তো…