তিতাস পাড়ে প্রাকৃতিক সৌন্দর্য্যে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া :নদীর বিশাল জলরাশি। আর আকাশে মেঘের ভেলা। প্রকৃতির অপরুপ সৌন্দর্য যেন চারিদিকে খেলা করছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াসহ বেশ কয়েকটি স্হানের তিতাস নদীর পাড় এখন সৌন্দর্য্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
একটু অবসরে প্রকৃতির এরকম সান্নিধ্যে পেতে কার মন না চায়। ঢাকা-চট্টগ্রাম রেলপথ ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কোড্ডা বাইপাস এলাকার এই জায়গায়টি দর্শনার্থীদের ভিড়ে এখন বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিন বিকাল হলেই প্রকৃতি প্রেমীরা এখানে আসে। তবে এবার ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয়রা জানায়,এখানে অনেকেই আসেন সময় কাটাতে। কেউবা আসেন পরিবার-পরিজন নিয়ে। আবার কেউবা আসেন বন্ধুদের সাথে আড্ডা দিতে।
ঘুরতে আসা বেশ কয়েকজন জানান,
বর্ষা মৌসুমে যৌবনা তিতাস তার অপরূপ সৌন্দর্য মেলে ধরে। তার বিশাল জলরাশি আর নির্মল বাতাস মন জুড়িয়ে দেয়।
নদীর নির্মল বাতাসে আমরা সতেজ হয়ে যায়। নদী ও প্রকৃতির সৌন্দর্য এখানে একাকার হয়ে মিশে যায়। কথা হয় কসবা থেকে আসা সোলেয়মানের সাথে তিনি বলেন, ঈদের ছুটি ছাড়া তেমন একটা সময় বের করা যায় না। তাই বন্ধুদের সাথে নিয়ে আজ এখানে ছুটে আসা। নদীতে নৌকা ভ্রমন ও নির্মল বাতাস আমাদের মন -প্রাণ জুড়িয়ে যায়। আর এখানকার নির্মল বাতাস মনটা সতেজ করে দেয়। ঘুরতে আসা আরেক প্রকৌশলী সাজ্জাদ ভূইয়া বলেন, তিতাস পাড়ের এই জায়গায় প্রতিদিন বিকালেই প্রকৃতি প্রেমীরা জড়ো হয়ে আড্ডা দেয়। তবে ঈদের ছুটিসহ সরকারি বন্ধের দিন এখানে দর্শনার্থীসহ লোকজন কয়েক গুন বেড়ে যায়।এখানকার নদী আর আকাশের মিলন আর প্রকৃতির সৌন্দর্য্যে আমাদের মন জুড়িয়ে যায়।











