সৌদি আরবে ২০ লাখ শ্রমিক পাঠাতে প্রস্তুত ঢাকা
দীর্ঘদিন ধরে সৌদি আরবে জনশক্তি রফতানিতে নিষেধাজ্ঞা থাকার পর সম্প্রতি তা প্রত্যাহার করে নেয়ার পর দেশটিতে অন্তত ২০ লাখ শ্রমিক পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। এদের মধ্যে অন্তত ৫ লাখ কাজের মেয়ে পাঠাবে সরকার যারা গৃহকর্মী হিসেবে বাসা বাড়িতে কাজ করবে। বুধবার সৌদি আরবের শ্রমমন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তবে অদক্ষ শ্রমিকের পাশাপাশি এবার প্রকৌশলী, নার্স, গাড়ি চালক, গৃহকর্মী পাঠাবে বাংলাদেশ। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কন্সাল জেনারেল জেনারেল শহিদুল করিমও বিষয়টি নিশ্চিত করেছেন।
শহিদুল করিম জানান, বাংলাদেশে দক্ষ শ্রমিক গড়ে তুলতে ৬৪টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে যেখানে অন্তত কুড়ি লাখ দক্ষ শ্রমিক সৌদি আরবে কাজ করার আগ্রহ দেখিয়ে নিজেদের নাম লিপিবদ্ধ করেছে। দিন কয়েকের মধ্যে সৌদি আরব থেকে এক প্রতিনিধি দল এসব ব্যবস্থা দেখতে বাংলাদেশ সফরে আসছেন।
এছাড়া বাংলাদেশ সরকার সৌদি আরব সরকারকে জানিয়েছে দেশটির বাসা বাড়িতে কাজের জন্যে ৫ লাখ গৃহকর্মী প্রস্তুত রয়েছে। সৌদি শ্রমমন্ত্রণালয় জানিয়েছে এক্ষেত্রে সকল শর্ত পূরণ করে বাংলাদেশ জনশক্তি রফতানিতে রাজি হয়েছে।
শহিদুল করিম আরো জানান, বাংলাদেশ সরকার জনশক্তি রফতানিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, এমনকি বিদেশে এসব শ্রমিক কি পরিবেশে কাজ করছে বা তাদের যে কোনো সমস্যা তদারকি করার ব্যবস্থাও নেয়া হয়েছে। সৌদি আরবে বর্তমানে ১২ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছে।
কাউন্সিল অব সৌদি চেম্বারের সভাপতি মানসুর বিন আব্দুল্লাহ আল-শাথরি জানান, অন্যান্য দেশের চাইতে অপেক্ষাকৃত কম পারিশ্রমিকে বাংলাদেশ জনশক্তি রফতানি করতে চাওয়ায় দেশটি থেকে জনশক্তি আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।
সৌদি সরকার একই সঙ্গে আসা করছে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি শুরু হলে দেশটির শ্রমবাজারের অব্যাহত চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং অন্যান্য দেশের পক্ষে তাদের জনশক্তি রফতানিতে উচ্চ হারের বেতন দাবি করার বিষয়টি নাকচ হয়ে যাবে।
আরব নিউজ











