আগামী সোমবার ত্রিপুরায় দু’দেশের ১০ জেলার প্রশাসকদের বৈঠক
আমাদের ব্রাহ্মণবাড়িয়া January 31, 2015
আমিরজাদা চৌধুরী : আগামী সোমবার থেকে ভারতের ত্রিপুরায় শুরু হতে যাচ্ছে দু’দেশের জেলা প্রশাসকদের তিনদিন ব্যাপী বৈঠক। বাংলাদেশের চার ও ভারতের ত্রিপুরা রাজ্যের ছয় জেলা প্রশাসক তিনদিন ওই বৈঠকে যোগ দেবেন বলে আখাউড়া উপজেলা প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও রাঙ্গামাটি এবং ভারতের পক্ষে পশ্চিম ত্রিপুরা, উনকোটি, উত্তর ত্রিপুরা, খোয়াই, ধলাই, সিপাহীজলা জেলার জেলা প্রশাসকরা উপস্থিত থাকবেন। আগামী সোমবার বেলা ১১টায় বাংলাদেশের জেলা প্রশাসকদের সঙ্গে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাবেন।
সূত্র জানায়, আগরতলায় ত্রিপুরা রাজ্য সরকারের অতিথিশালায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দু’দেশের সীমান্ত সমস্যা সংক্রান্ত বিষয়, আমদানি-রপ্তানি বিষয়ে আলোচনা হবে। ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের কর্মকর্তারা একই পথে দেশে ফিরে আসবেন।