বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সেরা অংশীদার হতে পারে ভারত : ওবামা

4_211582আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ভারতই হতে পারে আমেরিকার ‘সেরা অংশীদার’। ভারতে তিন দিনের সফরের বিদায়ী ভাষণে মঙ্গলবার এ কথা বলেন তিনি।

নয়াদিল্লির সিরি ফোর্ট অডিটরিয়ামে প্রায় ২ হাজার শিক্ষার্থীর সামনে এ ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট । এরপরই সৌদি আরবের উদ্দেশে স্ত্রী মিশেলসহ ভারত ত্যাগ করেন ওবামা।
‘ভারত ও যুক্তরাষ্ট্রই গড়বে ভবিষ্যৎ’ শীর্ষক ওই ভাষণে ওবামা ভারতকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানান। তিনি বলেন, অন্যথায় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান নেয়ার কোনো সুযোগই পাবে না বিশ্ব। এছাড়া সব ধর্মের মানুষের অধিকার রক্ষা, এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নৌচলাচলে স্বাধীনতা সমুন্নত রাখা এবং নারীদের প্রতি দৃষ্টি দেয়ার জন্যও ভারতের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।
‘নমস্তে’ বলে ভাষণ শুরু করেন বারাক ওবামা। শাহরুখ খান-কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে-জায়েঙ্গে’ সিনেমার বিখ্যাত সংলাপ ‘বাড়ে বাড়ে দেশোমে ছোটে ছোটে বাতে হোতে রাহতা হ্যায়’ (বড় বড় দেশের মধ্যে ছোট ছোট কথা হতেই পারে) উল্লেখ করে ওবামা বলেন, কেন আমি এটা বলছি আপনারা নিশ্চয়ই তা বুঝতে পেরেছেন।
ওবামা বলেন, ওয়াশিংটন-দিল্লি মৈত্রীর যে সূচনা হল তা বিশেষ তাৎপর্যপূর্ণ। এর জন্য ভারতকে সাধুবাদ জানাই। আমি যুক্তরাষ্ট্র ও এর সব নাগরিকের তরফ থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি। ভারত-যুক্তরাষ্ট্র বন্ধুতা কোনো সাধারণ সম্পর্ক নয়, এটা হতে পারে বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য সম্পর্ক। আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে আমেরিকা ভারতের সেরা অংশীদার হতে পারে।
ওবামা আরও বলেন, বিশ্বে ভারতের কী ভূমিকা হবে, অবশ্যই তা নির্ধারণ করবে ভারতের নাগরিকরাই। কিন্তু আমি বলতে চাই, দু’দেশের নাগরিকদেরই আরও কর্মসংস্থান এবং কাজের সুযোগ রয়েছে। আমাদের দেশ অনেক নিরাপদ। আর যখন আমরা দু’দেশ একসঙ্গে কাজ করব তখন তা উভয়ের জন্য আরও নিরাপদ হবে। আমি চাই, আপনারা আরও বেশি করে আমেরিকায় আসুন এবং মার্কিনিরা আসুক ভারতে।
ওবামা বলেন, পরিস্থিতি কখনও এক রকম থাকে না। তাকে বদলাতে হয়। আমি যখন জন্মেছিলাম, তখন যুক্তরাষ্ট্রে আমাদের মতো লোকেদের ভোটাধিকার ছিল না। চামড়ার রঙের জন্য আমাদের সঙ্গে অন্য রকম ব্যবহার করা হতো। কিন্তু পরিস্থিতি বদলেছে। এর জন্য আপনাদের মতো যুবাদের ভূমিকা নিতে হবে।
তিনি আরও বলেন, আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে চূড়ান্ত অসাম্য রয়েছে সমাজের প্রতিটি স্তরে। কিন্তু আশা হারালে চলবে না। আশা ছিল বলেই একজন চা বিক্রেতা (নরেন্দ্র মোদি) ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পেরেছেন। আমি আর মিশেল কোনো ধনী বা বিখ্যাত বংশের ধারক-বাহক নই। আমরা খুবই সাধারণ স্তর থেকে উঠে এসেছি। পৃথিবী থেকে, ভারত থেকে এ ভেদাভেদ মুছতে আপনাদেরই উঠে দাঁড়াতে হবে। কথা বলতে হবে। আমি বিশ্বাস করি, ভারতের যুবসমাজের সেই ক্ষমতা রয়েছে, যা দিয়ে তারা শুধু ভারতকেই নয়, গোটা বিশ্বকে নতুন দিশা দিতে পারে।
ওবামা বলেন, আমরা যে বিশ্ব শান্তির কথা বারবার বলি, তা আসলে আমাদের হৃদয়েই রয়েছে। শুধু তাকে খুঁজে নিতে হবে। আমি আর মিশেল যেমন খ্রিস্ট ধর্মে বিশ্বাস করি, তেমন প্রতিটি বিশ্ব নাগরিকের তাদের নিজেদের ধর্মে বিশ্বাস করা এবং তার পথে চলার পূর্ণ অধিকার রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যত দিন জাত-পাত ও ধর্মান্ধতা থেকে ভারত দূরে থাকবে ততদিন এ দেশের উন্নতি অব্যাহত থাকবে। ভারতকে মনে রাখতে হবে, তার নাগরিকরা যেন তার নিজ নিজ বিশ্বাস, ধর্মকর্ম নির্বিঘ্নে পালন করতে পারে। মুসলমান বা অন্য সংখ্যালঘুরা যেন ধর্মীয় সহিংসতার শিকার না হয়। যতদিন পর্যন্ত ভারত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গোষ্ঠীর পাশে দাঁড়াতে পারবে না, ততদিন সফল হতে পারবে না। তিনি জানান, দুর্ভাগ্যবশত, ধর্মকে ব্যবহার করে বিশ্বের নানা প্রান্তে ভেদাভেদ ও হিংসাকে প্রশ্রয় দেয়া হয়। মানুষের কালো দিকগুলোকে প্রকট করতে ধর্মের অপব্যবহার করা হচ্ছে। এদিক থেকে প্রত্যেকের সতর্ক থাকা উচিত।
ওবামা হুশিয়ার করেন, ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোর অবশ্যই জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে হবে। তা না হলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান নেয়ার কোনো সুযোগই পাবে না বিশ্ব।
ওবামা বলেন, আমি জানি, কিছু লোক বিতর্কে জড়িয়ে বলবেন যে, উন্নয়নশীল দেশগুলো এবং ভারতের মতো উদীয়মান অর্থনীতির দেশকে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দেয়া অনুচিত। কারণ এটি শতাব্দীর বেশি সময় ধরে আমাদের প্রবৃদ্ধির শক্তি জোগাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখানে আসল সত্যটা হচ্ছে, চাহিদা বাড়ার প্রয়োজনটাকে সামনে রেখে ভারতের মতো দেশগুলো যদি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে এগিয়ে না আসে, তাহলে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো কার্বন নির্গমন কমিয়ে ও জলবায়ুু পরিবর্তনের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো সুযোগ পাবে না।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারসাম্য বজায় রাখতে আঞ্চলিক জোটগুলোকে উজ্জীবিত করতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে আশ্বাস দেন তিনি। ওবামা বলেন, ‘এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের বৃহত্তর ভূমিকাকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র। সেখানে নৌচলাচলের স্বাধীনতা সমুন্নত রাখতে এবং বিতর্কিত বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধান করতে হবে।
ওবামা আরও বলেন, একটি জাতি তখনই সফল, যখন তার নারীরা সফল। কাজেই নারীদের প্রতি বিশেষ নজর দিতে হবে। যাতে তারা প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে নোবেল বিজয়ী শিশু-শিক্ষা আন্দোলনকর্মী কৈলাশ সত্যার্থী উপস্থিত ছিলেন।