ব্রাহ্মণবাড়িয়ায় খুন করে কাটা মাথা নিয়ে থানায় হাজির
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লিটন ঘোষ (৩৫)নামে এক ব্যক্তিকে গলা কেটে খুন করে কাটা মাথা নিয়ে থানায় হাজির হয়েছে লগু দাস নামে খুনি। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গৌর মন্দিরে এলাকায় এ খুনের ঘটনা ঘটে। পুলিশ খুনিকে গ্রেপ্তার করেছে। লিটন ঘোষের বাড়ি কিশোরগঞ্জে। তিনি নাসিরনগর সদরের ঘোষপাড়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘাতক লগু দাস উপজেলা সদরের পশ্চিমপাড়ার পরমানন্দ দাসের ছেলে। তাদের দুজনের মধ্যে আগে থেকে কোনো পরিচয় ছিল না। খুনের কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লগু দাস একজন চিহ্নিত মাদকসেবী। মাস ছয়েক আগে মতি দাস নামে তার এক চাচাকে হত্যার ঘটনায়ও সে অভিযুক্ত। এ ঘটনায় সম্প্রতি সে জামিনে ছাড়া পেয়ে আসে। আজকের হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজিদুর রহমান জানান, লগু ব্যাগে করে থানায় মাথা নিয়ে সরাসরি আসে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে।থানায় হত্যা মামলা হবে।










