বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তাপের আঁচ লেগেছে বিশ্বকাপে

1421255759.স্পোর্টস ডেস্ক : ঘড়ির কাঁটায় বাকি আর ২৯ দিন। এরপরই মাঠে গড়াবে বিশ্বকাপের একাদশ আসর। ১৯৯২ সালে মেলবোর্নে ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ের ২৩ বছর পর ক্রিকেটের সবচেয়ে মর্যাদাকর আসর যৌথভাবে আয়োজন করছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামী ২৯ মার্চ সেই মেলবোর্নে আরেকটি ফাইনালে কে জিতবে শিরোপা- এখন সেটিই দেখার। এ মুহূর্তে ফেভারিট স্বাগতিক অস্ট্রেলিয়া ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। আক্রমণাত্মক কোচ ড্যারেন লেম্যানের অধীনে নিজেদের পঞ্চম বিশ্বকাপ জয়ের লক্ষ্য অজিদের। গত আসরে টানা চতুর্থ শিরোপা জয়ের স্বপ্নটা তাদের ভেঙে যায় কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে। এবার তো অধিনায়ক মাইকেল ক্লার্কের চোট নিয়ে রয়েছে দুশ্চিন্তা। সুস্থ হয়ে ফিরতে ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে তাকে। তবে বিশ্ব ক্রিকেটে এরইমধ্যে নিজেদের মেলে ধরা ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, ব্র্যাড হাডিন ও মিচেল জনসনের মতো তারকা রয়েছে দলটিতে। দেশের মাটিতে চাপের সঙ্গেও লড়তে হবে অস্ট্রেলিয়াকে। ১৯৯২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে না পারার ক্ষত নতুন করে নিশ্চয় জেগে উঠেছে।
১৯৯৯ এর বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার স্বপ্নসারথী হিসেবে রয়েছেন তিন অভিজ্ঞ তারকাÑ মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও তিলকারতেœ দিলশান। প্রত্যেকেরই ভা-ারে রয়েছে তিন শতাধিক ওয়ানডে খেলার অভিজ্ঞতা। মাহেলা তো আবার ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন নিজের পঞ্চম বিশ্বকাপ খেলে। প্রত্যাশার সাথে প্রাপ্তির সেতু রচনা করতে না পারার ‘চোকার’ অপবাদ ঘুচানোটাই লক্ষ্য থাকবে দক্ষিণ আফ্রিকার। এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বে প্রোটিয়ারা এবারও নামছে ফেভারিটের তকমা গায়ে সেঁটে। আর একদিনের ক্রিকেটে যে কোনোকিছু ঘটানোর সামর্থ্য এগিয়ে রাখছে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে। বিশ্বকাপের মাস দেড়েক আগে অধিনায়ক অ্যালিস্টার কুককে ছাঁটাই করা ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে শঙ্কা রয়েছে অনেকের। তবে এউইন মরগানের নেতৃত্বে ইংলিশদের ‘কালো ঘোড়া’ হিসেবে দেখছেন সাবেক অস্ট্রেলীয় ব্যাটসম্যান মাইক হাসি, ‘ওদের খুব একটা সম্ভাবনা দেখছে না কেউ। কিন্তু ওদের দলে সত্যিই দারুণ কিছু অভিজ্ঞ ও ভালো খেলোয়াড় রয়েছে। মঈন আলী বা ক্রিস ওকসকে নিয়ে তেমন কোনো কথাবার্তা না হলেও এ ধরনের টুর্নামেন্টে ভালো করার আত্মবিশ্বাস রয়েছে ওদের। তাই ওদের কালো ঘোড়া হিসেবে দেখা যেতে পারে’।
বিশ্বকাপ শুরুর আগেই উত্তেজনার রেণু ছড়িয়ে দিয়েছেন জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে উপ-মহাদেশের দলগুলোকে বেকায়দায় পড়তে হবে বলে বিশ্বাস এই অজি পেসারের, ‘ওদের কন্ডিশন একেবারে ম্যাড়ম্যাড়ে আর স্পিন বান্ধব। তাই ওরা বড় স্কোর করতে পারে। কিন্তু এখানকার উইকেটে বাউন্সই মূল ব্যাপার। আমি তাই উপমহাদেশের দলগুলোর মুখোমুখি হওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি’। দশটি টেস্ট খেলুড়ে দেশের সাথে আইসিসির সহযোগী যে চারটি দেশ (আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড) খেলছে এবারের বিশ্বকাপে তাদের সামর্থ্য রয়েছে যে কোনো অঘটন ঘটানোর। সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড, পার্থ, ক্যানবেরা ও হোবার্টÑ অস্ট্রেলিয়ার মোটামুটি সব ভেন্যুই বিশ্বকাপের জন্য আধুনিক সাজে সজ্জিত হয়ে উঠেছে।
পিছিয়ে নেই যৌথ আয়োজক নিউজিল্যান্ডও। বিশ্বকাপের ২৩টি ম্যাচ হবে সেখানে। গ্রুপপর্বে অকল্যান্ডে এই কিউইদের বিপক্ষে খেলতেই তো তাসমান সাগর পাড়ি দিতে হবে অস্ট্রেলিয়াকে। টুর্নামেন্টের উদ্বোধনও হবে নিউজিল্যান্ডে। সম্প্রতি ক্রাইস্টচার্চে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা খেলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মহড়া সেরে নিয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বিশ্ব ভালোবাসা দিবসে তাদের লড়াই দিয়ে ক্রাইস্টচার্চে পর্দা উঠবে বিশ্বকাপের। অন্যান্য ভেন্যু ওয়েলিংটন, হ্যামিল্টন, নেপিয়ার, ডানেডিন ও নেলসনেও লেগেছে বিশ্বকাপের আঁচ। ক্রিকেটের সর্ববৃহৎ এই আসর নিরাপত্তার চাদরে মুড়ে দেয়ারও প্রতিশ্রুতি দিয়ে রেখেছে আয়োজকরা। সম্প্রতি সিডনি ও ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলা বিবেচনায় নিয়ে নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দেয়া হয়েছে। এমনকি সুন্দরী মেয়েদের দিয়ে ‘হানি ট্র্যাপ’ তৈরি করে জুয়াড়িদের ম্যাচ পাতানোর পাঁয়তারার ব্যাপারেও সতর্ক করে দেয়া হয়েছে ক্রিকেটারদের। এখন কেবল ক্ষণ গণনা, দুয়ারে যে কড়া নাড়ছে বিশ্বকাপ!