ব্যক্তি মালিকানার জায়গায় নির্মাণকাজে বিজিবির বাধা!
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাঁধায় এক ব্যক্তি তার মালিকানা জায়গায় নির্মাণ কাজ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী মলাই মিয়া এ অভিযোগ করেন। তবে জায়গাটি সরকারের বলে দাবি করছে বিজিবি। যদিও দলিলপত্রে ওই জায়গার মালিক জেলা শহরের পূর্বমেড্ডা তিতাস পাড়া মহল্লার বাসিন্দা মলাই মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মলাই মিয়া বলেন, ১৯৯৪ সালের ২২ ডিসেম্বর মেড্ডা এলাকার আবুল হাশেম ও শাহজাহান মিয়ার কাছ থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মেরুড়া (প্রচলিত নাম মেড্ডা) মৌজার সিএস ১৩৫৩ দাগ, আর এস ১৭৭৪ দাগের অন্তর্গত বিএস ৫৪৩৯ দাগে ২২ শতক জায়গা কিনেন। পরবর্তীতে জায়গাটি তিনি নিজের নামে খারিজ করেন। এরপর থেকেই জায়গাটি তার দখলে রয়েছে। এর মধ্যে ২০১৬ সালে ২২ শতক জায়গা থেকে চার শতক জায়গা পূর্ব মেড্ডার ইট ব্যবসায়ী ছোট্টু মিয়ার কাছে তিনি বিক্রি করেন।
তিনি আরও বলেন, জায়গাটির দক্ষিণ দিকে প্রায় ৫০০ গজ দূরত্বে বিজিবির একটি নৌ-ক্যাম্প রয়েছে। ২০১৭ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে জায়গার দক্ষিণদিকে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন এবং জায়গার মালিকানা দাবি করেন। পরে ২৫ জুলাই ২২ শতক জায়গার মালিক ঘোষণাপত্র চেয়ে ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম জেলা জজ ১ম আদালতে তারা পৃথকভাবে মামলা দায়ের করেন। মামলায় বিজিবির মহাপরিচালকের পক্ষে সরাইল ২৫ বিজিবির পরিচালককে বিবাদী করা হয়। মামলার আরজিতে আদালতের কাছ থেকে ওই জায়গাতে তাদের স্বত্ব ঘোষণা ও বিজিবির দখলে বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ জারির আবেদন করেন তারা। ২০১৭ সালের ৫ নভেম্বর যুগ্ম জেলা জজ ১ম আদালতের হাকিম তাদের আবেদন মঞ্জুর করেন। আদালত দখলে বাধা এবং তাদেরকে বেদখল প্রসঙ্গে বিজিবির বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
মলাই মিয়া বলেন, বিজিবি পক্ষ অস্থায়ী আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে সিভিল রিভিশন মামলা করেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ মোহাম্মদ সফিউল আজম বিজিবির আবেদন নামঞ্জুর করেন এবং যুগ্ম জেলা জজ ১ম আদালতের আদেশ বহাল রাখেন। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও বিজিবি আমাদের শান্ত দখলে বাধা সৃষ্টি করছে। আমাদের প্রত্যহিক ব্যবসার কাজ চালাতে দিচ্ছেন না।
তিনি আরও বলেন, চলতি বছরের গত ৯ মে আমি ও ছোট্টু মিয়া যুগ্ম জেলা জজ ১ম আদালতে ওই জায়গায় নির্মাণকাজ এবং জায়গায় থাকা ইট বিক্রির অনুমতি চয়ে আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন। যুগ্ম জেলা জজ ১ম আদালতের হাকিম কাজী সহিদুল ইসলাম ৯ মে ও ১২ মে শুনানী শেষে আমাদের পক্ষে আদেশ দেন।
এ দিকে, শুক্রবার সকালে ওই জায়গায় নির্মাণকাজ করতে গেলে মলাই মিয়া ও ছোট্টু মিয়াকে বাধা দেন বিজিবি সদস্যরা। এ ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে বিজিবি সদস্যরা গণমাধ্যমকর্মীদের কাজে বাধা দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।
এ সময় বিজিবির এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে আদালতে আপিল করেছে বিজিবি। তবে আপিলের কাগজ দেখতে চাইলে তিনি আগামী রোববার-সোমবার পর্যন্ত অপেক্ষা করতে বলেন। তার নাম জানতে চাইলে বিজিবির সদস্যরা চড়াও হন এবং সাংবাদিকদের দিকে তেড়ে আসেন।
কারও নাম জানতে চাওয়া কি আইনমত দন্ডনীয় অপরাধ কি না জানতে চাইলে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির বলেন, বাংলাদেশের নিয়ম কানুন ও সংবিধান দেখতে হবে। তারপর আপনাকে বলতে হবে। আমি আইনের ছাত্র না আর আইনের ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই।










