বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকুর রহিম ২০১৫ বিশ্বকাপটা শেষ পর্যন্ত খেলবেন কেবল একজন খেলোয়াড় হিসেবে

741f8aa1de36b30feb7f37881fe33a38-2ক্রীড়া ডেস্ক :টেস্ট ও ওয়ানডে দুই দলেরই অধিনায়ক ছিলেন তিনি। সম্ভাবনা ছিল বিশ্বকাপেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার। কিন্তু বিসিবির এক সিদ্ধান্তে শুধুই টেস্ট অধিনায়ক হয়ে যাওয়া মুশফিকুর রহিম ২০১৫ বিশ্বকাপটা শেষ পর্যন্ত খেলবেন কেবল একজন খেলোয়াড় হিসেবে। সেটা নিয়ে খুব আফসোস না থাকলেও ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরানোর প্রক্রিয়াটা মন থেকে মানতে পারেননি জাতীয় দলের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। সাক্ষাৎকার নিয়েছেন তারেক মাহ্মুদ

মুশফিকুর রহিম ২০১৪ সালটা আপনার জন্য কেমন গেল?

মুশফিকুর রহিম: খুব খারাপ যায়নি। তবে আরও ভালো যেতে পারত। নিজে ভালো খেললেও আপনি যখন একটা দলের অধিনায়ক থাকবেন, দলটা যদি ভালো না খেলে, অনুভূতি ও রকম থাকে না। দল হিসেবে ২০১৩ সালটা যেভাবে শেষ করেছি, ২০১৪-ও অন্তত সেভাবে শেষ করা উচিত ছিল। তবে বছরের শেষ দিকে যে বাজে পরিস্থিতি থেকে আমরা ফিরে আসতে পেরেছি, সেটাও বিরাট ব্যাপার।

 বিশ্বকাপের আগের বছর অন্তত নিজের ফর্মটা ভালো ছিল। এটা আপনাকে কতটা আত্মবিশ্বাসী করছে?

মুশফিক: এটা আত্মবিশ্বাস বাড়াবে। বিশ্বকাপের আগে সবাই চায় ভালো ফর্মে থাকতে। গত বছরটা ভালো যাওয়ায় আমারও আত্মবিশ্বাস বেড়েছে। তবে আবারও বলি, আরও খুশি হতাম যদি এই পারফরম্যান্সে দল সাফল্য পেত।

 গত বছরটা আপনার ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন এনেছে। বিয়ে করলেন এ বছরই…

মুশফিক: বছরটা আসলেই আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। বিয়ে সারা জীবনের ব্যাপার। আল্লাহর রহমতে সবকিছু খুবই ভালো যাচ্ছে। ও আমার সঙ্গে আছে, সে জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। খেলাধুলায় সে এবং তার পরিবার আমাকে অনেক সাহায্য করে।

 হঠাৎ করেই ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আপনাকে। শুধু টেস্ট দলের অধিনায়ক থাকলেন। এতে কোনো হতাশা আছে?

মুশফিক: আমি মানুষ…খারাপ লাগা তো একটু থাকবেই। আমার অধীনে বছরটা খুবই খারাপ যাচ্ছিল বলে হয়তো একটা পরিবর্তনেরও দরকার ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জেতার পর মনে হয়েছে পরিবর্তনের জন্যই হয়তো ভালো কিছু হলো। তবে আফসোস একটাই, কাছের মানুষ যাঁরা ছিলেন, তাঁরা আমাকে বলতে পারতেন, ‘এ রকম একটা পরিকল্পনা আছে…তোমার এই জিনিসগুলো হচ্ছে না। তাই অন্য কাউকে আনতে চাই।’ ব্যাপারটা এভাবে হলে সবকিছু আরও স্পষ্ট থাকত। এই সংস্কৃতিটা তৈরি হলে সবার জন্যই ভালো। ওপরে যাঁরা আছেন তাঁরা যেটা ভালো মনে করবেন অবশ্যই তা করবেন। কিন্তু আমার সেটা জানা থাকলে আমিও বুঝতাম, এটা এভাবে করতে হবে। আমি ব্যাপারটা প্রথম শুনি মিডিয়াতে। এটা বিব্রতকর ছিল। কেউ যদি একটু আভাস দিতেন, তাহলে অন্তত মনে হতো আমার প্রতি সম্মান দেখানো হয়েছে।

 আপনার সঙ্গে কোনো আলোচনাই করেনি বোর্ড?

মুশফিক: শুনছিলাম এ রকম হতে পারে। কিন্তু এ রকমই যে হবে তা জানতাম না। হ্যাঁ, শেষ মুহূর্তে আমাকে বলা হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সাহেব আমার সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু তার আগেই আমি সবকিছু জেনে গেছি। কে নতুন অধিনায়ক হচ্ছেন, কোন সময়ে হবেন, সেসবও।

 বিশ্বকাপে অধিনায়কত্ব করার লক্ষ্য নিশ্চয়ই ছিল। সেটা পারছেন না বলে বাড়তি কোনো হতাশা?

মুশফিক: লক্ষ্য তো অবশ্যই ছিল। ২০১৫ পর্যন্ত অধিনায়ক থাকার কথা ছিল। সে হিসেবে আমার ব্যক্তিগত কিছু পরিকল্পনাও ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হচ্ছে না। অধিনায়ক যখন থাকব না, চেষ্টা করব খেলোয়াড় হিসেবে দলের জন্য যতটুকু সম্ভব অবদান রাখতে। আর এ বছরে আমার বিয়ে হয়েছে। তাদেরও সময় দিতে পারছি। সেদিক দিয়ে বলব আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।

 নেতৃত্বের চাপ না থাকায় নির্ভার হয়ে ব্যাটিং করতে পারবেন। এতেও তো সুবিধা হলো…

মুশফিক: দায়িত্ব যত বেশি থাকে, মানুষের প্রত্যাশা যত বেশি থাকে, ততই আমার নিজের কাছে ভালো লাগে। আমার সব সময় দায়িত্ব বা চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। নির্ভার হয়ে গেলে পারফরম্যান্স ও রকম হয় না। চাপ থাকলে অন্য রকম একটা চ্যালেঞ্জ অনুভব করি। নিজের সেরা খেলাটা খেলতে সুবিধা হয়। হ্যাঁ, ব্যাটসম্যান হিসেবে চাপ সব সময়ই থাকে। অধিনায়ক না হওয়ায় মাঠের বাইরের অনেক দায়িত্ব আমাকে পালন করতে হবে না। সেদিক দিয়ে হয়তো বা কিছুটা নির্ভার থাকব।

 অনেকে বলেন, অধিনায়ক হিসেবে আপনি ততটা আক্রমণাত্মক নন। চিন্তাভাবনায় সীমাবদ্ধতার কথাও কেউ কেউ বলেন। অধিনায়ক মুশফিককে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?

মুশফিক: একজন অধিনায়ক যে সব সময় নিখুঁত হবে, তার সবকিছু যে শতভাগ সঠিক হবে, তা তো না। এ রকম আমিও শুনেছি। কিন্তু সবকিছু আসলে নির্ভর করে পরিস্থিতির ওপর। অনেককে বলতে শুনেছি, সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিবের ওভার কেন শেষ করানো হলো না। ওই সময় আরও আক্রমণাত্মক হলে হয়তো উইকেট পড়ত। সত্যি বলতে কি, যে পরিকল্পনায় আমরা এগোচ্ছিলাম, সেটার জন্যই কিন্তু ৭টি উইকেট পড়েছিল। কিন্তু ওই সময় থিসারা পেরেরার দুটি সহজ ক্যাচ মিস হয়ে যায়। সে তখন আউট হলে আমরা হয়তো এক শ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতাম। তার পরও ওরা ১৮০ করার পর আমরা ভালো অবস্থায় ছিলাম। বিশেষ করে মুমিনুল ও শামসুর যখন ব্যাটিং করছিল। তখনো মনে হয়নি ওরা ম্যাচ জিতবে। আর বাঁহাতি সানি ভাইকে (আরাফাত সানি) আনার পর ওই ওভারে ও (থিসারা) ৩টি ছয় মারে। সাকিব যদিও বিশ্বমানের বোলার, এটা আমাদেরই পরিকল্পনা ছিল। আমি মাঠে ওর সঙ্গে আলোচনা করেই পরিকল্পনাটা করেছিলাম। আসলে ক্রিকেটটা এ রকমই। দিন শেষে ফলাফল দিয়ে সব বিচার হয়। অনেকে এখনো বলে এশিয়া কাপের ফাইনালে চার নম্বরে নাসিরকে না দিয়ে আমি গেলে ভালো হতো। অথচ ভারতের বিপক্ষে ও চারে খেলেই ফিফটি করেছিল। হ্যাঁ, এটাও ঠিক, হয়তো কিছু সমস্যা কাটিয়ে ওঠার সুযোগ ছিল। ওই পরিস্থিতিতে আমি হয়তো বা সেগুলো পারিনি। আমিও মানুষ। আমারও ভুল হতে পারে।

 অধিনায়ক হিসেবে আপনি নাকি বাইরের মতামত নিতে চান না। এমনকি আপনার মতের বিরুদ্ধে কোনো খেলোয়াড় নেওয়া হলে তাঁর সঙ্গে আপনার আচরণটা হয় নেতিবাচক…

মুশফিক: (হাসি) এটা সম্পূর্ণই মিথ্যা। তার মানে কি, বাংলাদেশের সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করছেন! শুধু আমাকে কেন, আমার সতীর্থদের জিজ্ঞেস করলেও মনে হয় না তারা এটা বলবে। এ রকম কিছু আমার মনে জীবনেও ছিল না, কখনো আসবেও না, সেটা আমি অধিনায়ক থাকি আর না-ই থাকি। আমার পরিবার এটা আমাকে শেখায়নি। খেলোয়াড় হওয়ার আগে আমি মানুষ। খেলা হয়তো বা ৫-১০ বছর থাকবে। এর পরও আমাকে মানুষ হিসেবে বেঁচে থাকতে হবে। আমি এমন কিছু করে যেতে চাই যেন মানুষ বলে ছেলেটা খুব সৎ ছিল। এ রকম কিছু স্বপ্নে আসাটাও আমার জন্য অনেক বড় পাপ হবে।

 মাহমুদউল্লাহর সঙ্গে আপনার আত্মীয়তা নিয়েও অনেক রকম কথা আছে। ফর্ম না থাকলেও আপনি অধিনায়ক বলেই নাকি দলে সুযোগ পেতেন মাহমুদউল্লাহ।

মুশফিক: এটাও একই কথাই হলো। আত্মীয় হোক, আর আমার নিজের মায়ের পেটের ভাই-ই হোক, আমি মনে করি এক-দুবার বেশি সুযোগ যদি কারও প্রাপ্য হয়, তাকে সেটা দেওয়া উচিত। শুধু রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইয়ের ক্ষেত্রেই এটা হয়নি। তামিমের ক্ষেত্রেও এ রকম পরিস্থিতি ছিল। আমি ছাড়া অনেকেই বলেছিলেন, ‘তাঁকে সিনিয়র খেলোয়াড় হিসেবে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। আমরা তাঁর বিকল্প চাই।’ কিন্তু আমিই প্রথম ব্যক্তি যে বলেছিলাম, তামিমকে আরও সুযোগ দেওয়া উচিত। তামিম বা রিয়াদ ভাইয়ের মতো সিনিয়র খেলোয়াড় তৈরি করতে সাত-আট বছর লাগবে। সে যেহেতু গত পাঁচ বছর ভালো খেলেছে, একজন নতুন খেলোয়াড়ের আগে কয়েকটা সুযোগ সে পেতেই পারে। আল্লাহর রহমতে তামিম ও রিয়াদ ভাই দুজনই নিজেদের প্রমাণ করেছেন এবং তাতে দেশের ক্রিকেটেরই লাভ হয়েছে। আর যে সময়ের কথা বলা হচ্ছে, ব্যাটিংয়ে রান না পেলেও ১০ ওভার বোলিংয়ে রিয়াদ ভাই গাজীর চেয়ে ভালো করছিলেন। নির্বাচক, কোচ, সবাই এটাতে রাজি হয়েছিলেন। আমাদের এখানে সবার মতামত নিয়েই দল নির্বাচন করা হয়।

 ২০১৫ সালটা বাংলাদেশ দলের জন্য খুব ব্যস্ত কাটবে। বিশ্বকাপ আছে, এরপর বড় বড় সিরিজ। এ বছর আপনার ব্যক্তিগত লক্ষ্য কী থাকবে?

মুশফিক: যেভাবে এ বছরটা শেষ করেছি, চেষ্টা করব এর চেয়ে আরও ভালো করতে। আমার মনে হয় সেটা সম্ভব। এটা আমার গুরুদায়িত্বও। আমার দল এটা আমার কাছে চায়। চেষ্টা করব সেটা করতে। আমি যেন ভালো খেলি এবং সেটা যেন দলকে জেতায়।

 সর্বশেষ সিরিজে টেস্ট অধিনায়ক ছিলেন। ভবিষ্যতে কী পরিকল্পনা?

মুশফিক: যদি বোর্ড থেকে প্রস্তাব আসে তখন চিন্তা করব। এখন যা আছি ভালো আছি।