১৬ বছরের বন্ধন ছিঁড়ছেন জেরার্ড
ক্রীড়া ডেস্ক :লিভারপুলের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক ছিন্ন করছেন স্টিভেন জেরার্ড। গতকাল লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন এ ইংলিশ তারকা নিজেই। একে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছেন তিনি। শুধু ক্লাব নয়, ইংলিশ লীগেই থাকছেন না ৩৪ বছর বয়সী জেরার্ড। সমপ্রতি এমনই খবর প্রকাশ করেছে বৃটিশ গণমাধ্যমগুলো। গুঞ্জন চলছে যুক্তরাষ্ট্রের ক্লাব লা গ্যালাক্সিতে যোগ দিচ্ছেন জেরার্ড। যুক্তরাষ্ট্রের ক্লাবটির সভাপতি ক্রিস ক্লেইন সমপ্রতি জেরার্ডকে কেনার ইচ্ছা প্রকাশ করেন। ইংলিশ কোন ক্লাব যাচ্ছেন না সাবেক ইংলিশ অধিনায়ক। গতকাল জেরার্ডের কথায়ও তা অনেকটা স্পষ্ট। তিনি বলেন, ‘আমি প্রতিদ্বন্দ্বিতামূলক ক্লাবে খেলবো না। আর লিভারপুলের বিপক্ষেও মাঠে নামবো না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।’ লিভারপুলে চুক্তির মেয়াদ শেষ হতে ছয় মাস বাকি আছে জেরার্ডের। তবে নভেম্বরেই তাকে নতুন চুক্তির প্রস্তাব করেছিল ক্লাবটি। সমপ্রতি ক্লাবটির কোচ ব্রেন্ডন রজার্সের সঙ্গে সম্পর্কটা ভালই উন্নতি হয় তার। জেরার্ড লিভারপুলেই ক্যারিয়ারের ইতি টানবেন বলেও মন্তব্য করেন রজার্স। আর জেরার্ডের লিভারপুল ছাড়ার ঘোষণার পর রজার্স বলেন, ‘জেরার্ড কিংবদন্তির চেয়েও বেশি কিছু। তার প্রতিভা ভাষায় প্রকাশ করা যাবে না।’ ক্যারিয়ারের শুরু থেকেই লিভারপুলে খেলছেন জেরার্ড। ১৯৯৮ সালে প্রথম ক্লাবটির জার্সি গায়ে জড়ান তিনি। এরপর ২০০৩ সালের অক্টোবরে লিভারপুলের অধিনায়কত্ব পান। ২ বছর পরই লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জেতান স্টিভেন জেরার্ড। আর ক্লাবটির হয়ে ইউয়েফা কাপ, ২টি এফএ কাপ, ৩টি লীগ কাপ, দুটি ইউয়েফা সুপার কাপ জেতার কৃতিত্ব দেখান এ মিডফিল্ডার। ইংল্যান্ড জাতীয় দলে জেরার্ডের অভিষেক হয় ২০০০ সালে। দেশের হয়ে ১১৪টি ম্যাচ খেলেন তিনি। ২০০৮ সালে ইংল্যান্ডের অধিনায়কত্ব পান। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন তিনি। ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ইংল্যান্ডের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন স্টিভেন জেরার্ড।
লিভারপুলে জেরার্ডের ক্যারিয়ার
ম্যাচ: ৬৯৫
গোল: ১৭৭
চ্যাম্পিয়ন্স লীগ: ১টি
এফএ কাপ: ২টি
লীগ কাপ: ৩টি
ইউয়েফা কাপ: ১টি
ইউয়েফা সুপার কাপ: ২টি











