পানামা রুখে দিলো ব্রাজিলকে
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামা রুখে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। পর্তুগালের ড্রাগাও স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ শনিবার রাতে শুরু হওয়া ম্যাচটির পরিসমাপ্তি ঘড়ে ড্র-তে।
চরম রক্ষণাত্মক খেলার কারণে মুহুর্মুহু আক্রমণ করেও গোলের দেখা পায়নি পেলের উত্তরসূরিরা। এই ম্যাচে ছিলেন না ব্রাজিলের পোস্টার বয় নেইমার। ইনজুরির কারণে দীর্ঘদিন থেকেই মাঠের বাইরে সেলেসাও সুপারস্টার।
প্রথম গোলের দেখা পায় অবশ্য ব্রাজিলই। ৩২ মিনিটে ক্যাসিমোরার সহায়তায় জালে বল জড়ান মাঝমাঠে খেলা লুকাস। কিন্তু গোল শোধ করতে বেশি দেরি করেনি পানামা। ব্রাজিল গোল দেওয়ার চার মিনিট পরেই পানামার হয়ে গোল শোধ করেন মাচাদো।
খেলা ড্র হলেও ম্যাচে রাজত্ব করেছে কার্লোস তিতের শিষ্যরা। ৭৮ ভাগ সময় বল ছিল ব্রাজিলীয়দের পায়ে। পানামার গোলবার লক্ষ্য করে আক্রমণ হয় ১৭টি। অতি রক্ষণাত্মক খেলায় গোলের দেখা পায়নি সেলেসাওরা। অবশেষে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়।










