ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্র তামিম হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কলেজ ছাত্র মাজহারুল ইসলাম তামিমের হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ সোমবার দুপুরে উপজেলার বায়েক নয়নপুর বাজারে আয়োজিত মানবনন্ধনে সভাপতিত্বে করেন বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হক। এ সময় বক্তব্য রাখেন নিহত তামিমের বড় ভাই আবুল কালাম আজাদ বাপ্পী, মা ফরিদা ইয়াছমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করীম প্রমূখ। বক্তারা তামিম হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবী জানিয়ে ঘটনাটির সুষ্ঠু বিচারে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের হস্তক্ষেপ কামনা করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত, গত ২৬ ফ্রেরুয়ারী বিকেলে কসবার বায়েক এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্য রেখা থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করে।











