শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিত্যক্ত হলো প্রথম দিনের খেলা

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে আশংকাই সত্যি হলো। বৃষ্টির দাপটে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়ে গেল। পরিস্থিতি এমন যে, আজকের ম্যাচে টসই হতে পারেনি। যে কারণে দুই দলের একাদশও ঘোষণা করা হয়নি। ওয়েলিংটনের স্থানীয় সময় ভোর ৬টা থেকে টানা বৃষ্টি। বেসিন রিজার্ভে পানি জমে গেছে। আবহাওয়ার অবস্থা দেখে দ্বিতীয় দিনের খেলা নিয়ে শংকা ভর করেছে। কাল নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে খেলা শুরু হবে।

আজ বেসিন রিজার্ভে ম্যাচের প্রথম সেশন বৃষ্টির গর্ভে চলে যাওয়ার পর মাঠ পরিদর্শনে নেমেছিলেন আম্পায়াররা। তখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এরপর স্থানীয় সময় বেলা ৩টার দিকে মাঠ পরিদর্শনে নেমেও অবস্থার কোনো উন্নতি দেখেননি দুই আম্পায়ার পল রেইফেল ও রুচিরা পাল্লিইয়াগুরুগে। এরপর প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন তারা।

নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস অবশ্য ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। আজ যে এতটা বৃষ্টি নামবে তা কেউ আন্দাজ করতে পারেনি। প্রথম সেশনের মধ্যেই মাঠে প্রচুর পানি জমে যায়। মাঠ দখলে নিয়ে নেয় সি-গালরা। বৃহস্পতিবার ভোর চারটায় দ্বিতীয় টেস্টের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার হাল দেখে কোনো দলের ক্রিকেটাররাই মাঠে আসেননি। উল্লেখ্য, হ্যামিলটনে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড।