ওয়ানডে দলে রাসেল
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরলেন আন্দ্রে রাসেল। ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচের স্কোয়াডে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। পেসার কেমার রোচের চোটে আবারও ৫০ ওভারের ম্যাচে ফিরলেন রাসেল।
যদিও ইংলিশদের বিপক্ষে বল করতে পারবেন না তিনি। হাঁটুর সমস্যায় বোলিংয়ের কাজ থেকে তাকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরপরও রাসেলের কাছ থেকে সেরাটা প্রত্যাশা করছেন ক্যারিবিয়ান দলটির প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউনি। তার বিশ্বাস, ব্যাটিং দিয়ে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই অলরাউন্ডার।
পিঠের চোটে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে রোচের। তার জায়গায় রাসেল ফেরায় বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ তাদের শক্তি আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে।
রাসেল পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের হয়ে খেললেও সোমবারই যোগ দেওয়ার কথা দলের সঙ্গে। ২০১৫ সালের পর মাত্র একটি ওয়ানডে খেলেছেন তিনি। গত বছর গায়ানায় সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ানদের চতুর্থ ওয়ানডে ২৭ ফেব্রুয়ারি। আর ২ মার্চ শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা। ক্রিকইনফো
চতুর্থ ও পঞ্চম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, ওশানে থমাস।










