মোস্তাফিজ কারো কথাই শোনেননি
স্পোর্টস ডেস্ক : বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে রোমাঞ্চ ছড়ানো এক জয় পেয়েছে রাজশাহী কিংস। পুরো ম্যাচের আলো কেড়ে নেন রাজশাহী কিংসের হয়ে মোস্তাফিজের করা শেষ ওভারটি। ফিজের করা শেষ ওভারে হিটই করতে পারেননি ক্রিজে থাকা রুশো-ফরহাদ রেজা। এ ওভারে মোস্তাফিজ কারও পরামর্শ না শুনে বোলিং করেছিলেন নিজের মতো। এমনটাই জানালেন দলের অধিনায়ক মিরাজ।
ইনিংসের শেষ ওভারে জাতীয় দলের সতীর্থ মোস্তাফিজের হাতে বল তুলে নেন মিরাজ। উত্তেজনা ছড়ানো এ ম্যাচে শেষ ওভারে মোস্তাফিজকে অধিনায়ক হিসেবে কী পরামর্শ দিয়েছিলেন মিরাজ। এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘আমি মোস্তাফিজকে বার বার বলতেছিলাম, ‘প্লিজ তুই কারো কথা শুনবি না। আমার কথাও না সৌম্য ভাইয়ের কথাও না।’
মিরাজ আরও বলেন, ‘যখন হাফিজ ভাই ওকে বার বার বুঝাচ্ছিল, তখন আমি একা ডেকে বলি, মোস্তাফিজ তুই কারো কথা শুনিস না। তুই তোর মতো করে বোলিং কর। তাতে সফল হতে পারবি। আমি মনে করি মোস্তাফিজ সে তার নিজের মতো করে বোলিং করেছে বিধায় আমরা জিততে সক্ষম হয়েছি। তাছাড়া কখনোই সম্ভব হতো না।’
জয় পাওয়া নিয়ে মিরাজ বলেন, ‘আমাদের বিশ্বাসটা প্রথম থেকেই ছিল। কারণ আমাদের বোলাররা অনেক ভালো। বিশেষ করে মোস্তাফিজ-উদানা-হাফিজ এবং আমি; তাই শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। তবে এন্ড অব দ্য ডে আমাদের কিছু ভুল ছিল তা মেকাপ করে নিতে হবে শিগগিরই।’
আজ তিনি অধিনায়কত্ব করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফির বিপক্ষে। এ বিষয়ে মিরাজ বলেন, ‘রংপুর রাইডার্স অনেক ভালো টিম। তবে তাদের বিপক্ষে খেলতে মোটেও ভয় লাগেনি। কারণ আমরা আত্মবিশ্বাসী ছিলাম। এছাড়া ক্রিকেট একটা গেম। এখানে হার জিত থাকবেই। আর নিজের ক্যাপ্টেন্সি বলতে, আমি দিনে দিনে ভালো খেলছি। মাথা খুলছে। যত বেশি ক্যাপ্টেন্সি করবো ততবেশি মাথা খুলবে।’










